মিসরের অস্থিরতায় জ্বালানি তেলের দাম বাড়ছে
এশিয়ার বাজারে গতকাল বুধবারও অশোধিত জ্বালানি তেলের দাম খানিকটা বেড়েছে।বিশ্লেষকেরা মনে করেন, মিসরে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বিঘ্নিত হবে এমন আশঙ্কায় পণ্যটির দাম বাড়ছে। এ ছাড়া বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানুফেকচারিং বা উৎপাদন খাত চাঙা হয়ে ওঠার ইঙ্গিতও আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলছে।গতকাল লাইট সুইট ক্রুড (অশোধিত) জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৮০ ডলারে উঠেছে। আর ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ১১ ডলার হয়েছে। খবর এএফপির। আগের দিন মঙ্গলবার প্রতি ব্যারেল লাইট সুইট ক্রুড জ্বালানি তেল ৯৮ দশমিক ০৭ ডলার ও ব্রেন্ট নর্থ সি ক্রুড তেল ১০৩ দশমিক ১৮ ডলারে কেনাবেচা হয়।অস্ট্রেলিয়ার সিডনিতে সিএমসি মার্কেটসের প্রধান বিশ্লেষক মাইকেল ম্যাককার্থি এএফপিকে বলেন, মিসরে বর্তমানে যে অবস্থা চলছে এবং তা যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ে, তাহলে সত্যিকার অর্থেই তেলের বাজার নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।