মিয়ানমার থেকে চাল রপ্তানি বন্ধ
মিয়ানমার চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা থেকেই মিয়ানমার এই পদক্ষেপ নিয়েছে। দেশে প্রধান এই খাদ্যপণ্যের মজুদ গড়ে তোলা ও দাম নিয়ন্ত্রণে রাখাই এর উদ্দেশ্য।ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি মনে করি যে লিবিয়ায় সংঘটিত ঘটনাবলির কারণে কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণের এই উদ্যোগ নিয়েছে।’বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এর প্রভাবে পরিবহন খরচ বাড়ে, যা প্রকারান্তরে খাদ্যপণ্যের দামে প্রভাব ফেলে। তিনি আরও বলেন, ‘শুধু চালের ওপরই নয়, বরং পরিবহন ব্যয়ের ওপরই সব পণ্যের দাম নির্ভর করে।’ইউএমএফসিসিআইয়ের ওই কর্মকর্তা জানান, গত সপ্তাহে মিয়ানমারের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে চাল জাহাজীকরণ ও রপ্তানি চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরিস্থিতিতে মিয়ানমারের জনগণ প্রতিবাদ-বিক্ষোভ করেছে এবং সেখানকার ক্ষমতাসীন সামরিক সরকারও গত দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এএফপি।