মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান সামনে রেখে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু হয়েছে। দুই বছর পর গত রোববার প্রথম চালানে এক জাহাজে ৪৮ মেট্রিক টন (৯৮৫ বস্তা) ছোলা টেকনাফে এসে পৌঁছেছে। দু-তিন দিনের মধ্যে আরও ২০০ মেট্রিক টন আসবে।আমদানিকারকেরা জানান, মিয়ানমার থেকে আমদানি করা ছোলার কেজিপ্রতি দাম পড়ছে ৬০ টাকা। এদিকে টেকনাফ ও কক্সবাজারের হাটবাজারে গত সোমবার ৬৫-৭০ টাকা কেজি দরে ছোলা বিক্রি করতে দেখা গেছে। আমদানিকারক মীর কামরুজ্জামান প্রথম আলোকে জানান, দাম বেড়ে যাওয়ায় গত দুই বছর এ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের ছোলা আমদানি বন্ধ ছিল। এবার দাম কিছুটা কম হওয়ায় তাঁরা আমদানি শুরু করেছেন। মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে দু-তিন দিনের মধ্যে আরও তিনটি জাহাজে প্রায় ২০০ মেট্রিক টন ছোলা এসে পৌঁছাবে। টেকনাফ স্থলবন্দরের বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের পরিচালন ব্যবস্থাপক আবু নূর খালিদ বলেন, আমদানি করা ছোলাগুলো গতকাল সোমবার বন্দর থেকে ট্রাক বোঝাই করে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে সরবরাহ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের পরিবর্তে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের ছোলা আমদানি করা হলে তা তুলনামূলক কম দামে ভোক্তাপর্যায়ে বিক্রি করা যাবে। কারণ, টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমার খুব কাছে হওয়ায় পরিবহন খরচ কম পড়বে।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, রমজান উপলক্ষে মিয়ানমার থেকে ছোলার আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।স্থানীয় শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে স্থলবন্দরটি দিয়ে ২০১১-১২ অর্থবছরের ২ ও ৫ জুলাই ১৪৭ মেট্রিক টন ছোলা আনার পর টানা দুই বছর আমদানি বন্ধ থাকে।