মিয়ানমার থেকে নয় মাস ধরে ছোলা আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে নয় মাস ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে ছোলা আমদানি বন্ধ রয়েছে।এ জন্য ব্যবসায়ীরা টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁরা অভিযোগ করে বলেন, মিয়ানমার থেকে ছোলা আমদানির ওপর কোনো করারোপ করা না হলেও টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত হারে রিমুভাল চার্জ বা অপসারণ মাশুল, হলিডে ও নাইট চার্জ, শোর হ্যান্ডলিং ও স্টিভিডোরিং চার্জ, ওয়্যারহাউস ভাড়া এবং পণ্য লোড-আনলোডের (খালাস ও বোঝাই) চার্জ ইত্যাদি আদায় করে থাকে। যে কারণে স্থানীয় ব্যবসায়ীরা গত বছরের ২৪ অক্টোবরের পর মিয়ানমার থেকে ছোলা আমদানি করছেন না।এদিকে স্থানীয় শুল্ক বিভাগ সূত্র জানায়, টেকনাফের ব্যবসায়ীরা সীমান্ত-বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে ২০০৭-০৮ অর্থবছরে ১০ হাজার মেট্রিক টন, ২০০৮-০৯ অর্থবছরে তিন হাজার ৬৬৪ মেট্রিক টন এবং ২০০৯-১০ অর্থবছরের অক্টোবর পর্যন্ত ৮৮৮ মেট্রিক টন ছোলা আমদানি করেন। কিন্তু এরপর তাঁরা স্থলবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে ছোলা আমদানি বন্ধ করে দেন।টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিয়ানমার থেকে ৫০ কেজির প্রতি বস্তা ছোলা এক হাজার ৯১০ টাকায় কিনতে হয়। এরপর স্থলবন্দরে কর আদায়ের নিয়ম না থাকলেও কর্তৃপক্ষ বস্তাপ্রতি ৫০ টাকা করে আদায় করছেন।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ উপজেলার পৌর এলাকার বড় বাজার ও বাস স্টেশন বাজারে এখন প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, যা দেড়-দুই সপ্তাহ আগে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। বিক্রেতারা জানান, মিয়ানমার থেকে ছোলা আমদানি বন্ধ থাকায় তাঁরা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ট্রাকযোগে ছোলা আনছেন। এতে খরচ বেশি পড়ছে বলে বাজারে ছোলার দাম দিন দিন বাড়ছে।ব্যবসায়ীরা বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি শুরু হলে স্থানীয় বাজারে এর দাম কমবে।ছোলা আমদানিকারক সাইফুল করিম ও আবুল হাশেম স্থলবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ তুলে বলেন, সরকার এখনই ব্যবস্থা না নিলে এবারের রমজান মাসে মিয়ানমার থেকে আমদানি বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। স্থলবন্দরের সহকারী মহাব্যবস্থাপক আবদুল খালিদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা বন্দরে অতিরিক্ত টাকা আদায়ের যে অভিযোগ তুলেছেন, তা মোটেও ঠিক নয়। সরকারি বিধি অনুযায়ীই চার্জ বা মাশুল আদায় করা হচ্ছে। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হলে কর্তৃপক্ষ সহযোগিতা করবে। তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে ছোলা আমদানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে পারে।