মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বুধবার বিকেলে প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান মাহী অ্যান্ড ব্রাদার্স, চৌধুরী এন্টারপ্রাইজ, সৌরভ এন্টারপ্রাইজ ও জাফর এন্টারপ্রাইজের নামে ছয়টি জাহাজে ৪৮৫ মেট্রিক টন (১১ হাজার ৮০০ বস্তা) পেঁয়াজ টেকনাফে এসে পৌঁছেছে।
আর গতকাল বৃহস্পতিবার বিকেলে আর কে এন্টারপ্রাইজ ও মাহী অ্যান্ড ব্রাদার্সের নামে আরও তিনটি জাহাজে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরের জেটিতে এসে নোঙর করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মাহী অ্যান্ড ব্রাদার্সের তত্ত্বাবধায়ক আবুল হাশেম জানান, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি দাম পড়ছে ২৩ টাকা। শ্রমিক, বন্দর ও জাহাজ ভাড়া বাবদ খরচ হচ্ছে আড়াই টাকা। তাই এক-দেড় টাকা লাভ করে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ২৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবার দাম কিছুটা কম হওয়ায় তিনিসহ আরও কয়েকজন ব্যবসায়ী মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন। তিনি আরও জানান, আকিয়াব বন্দর থেকে চলতি সপ্তাহের মধ্যে আরও ১০-১৫টি জাহাজে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ আশার কথা রয়েছে।
তবে সরেজমিনে গতকাল সকালে টেকনাথ বাস স্টেশন ও বড় বাজারের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ৪০-৪৫ টাকা কেজি দরে খুচরা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
কয়েকজন দোকানদার জানান, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কিনে টেকনাফে এনে বিক্রয় করতে অনেক টাকা খরচ হয়। টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসায় ভবিষ্যতে কম দামে বিক্রি করা সম্ভব হবে।
ক্রেতারা জানান, স্থানীয় বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রয় করা হলেও ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজ বলে বেশি দামে বিক্রি করছেন।