মিয়ানমার থেকে মাছ আমদানি কমেছে
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের হিমায়িত মাছ আমদানি কমে গেছে। এই স্থলবন্দর দিয়ে যেকোনো সময় মাছ আমদানি বন্ধও হয়ে যেতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন।মাছ আমদানির ওপর শুল্ক বৃদ্ধি, অতিরিক্ত মাশুল আদায় ও নানাভাবে হয়রানি করার কারণে ব্যবসায়ীদের অনেকেই এই বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ করেছেন বলে জানা গেছে।বন্দরটির কর্মকর্তারা জানান, মাছ আমদানি কমায় এই বন্দরের রাজস্ব আয়ের ওপর ব্যাপক হারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ বন্দরটির মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেকটা আসে মাছ আমদানির বিপরীতে শুল্ক আদায়ের মাধ্যমে। এই স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে হিমায়িত মাছসহ কাঠ, মসলা, মাষকলাই ডাল, আচার, স্যান্ডেল, শুঁটকি প্রভৃতি পণ্য আমদানি হয়ে থাকে।স্থানীয় কাস্টমস সুপার কাজী আবুল হোসাইনও প্রথম আলোকে বলেন, ‘এই বন্দর দিয়ে হিমায়িত মাছ আমদানি থেকে সিংহভাগ রাজস্ব আদায় হতো। মাছ আমদানি দিন দিন হ্রাস পাওয়ায় রাজস্ব আয়ও কমে যাচ্ছে।’টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক হাজি এম কাইছার বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নানামুখী হয়রানির কারণে হিমায়িত মাছ আমদানি কমে যাচ্ছে।’এদিকে বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক আবু নূর খালিদ প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত চার্জ বা মাশুল আদায়ের অভিযোগটি সঠিক নয়। সরকারি বিধি অনুযায়ীই মাশুল আদায় করা হচ্ছে।’ ব্যবসায়ীরা জানান, শুল্কহার বাড়ানোর কারণে মিয়ানমার থেকে ২০১০-১১ অর্থবছরের চেয়ে ২০১১-১২ অর্থবছরে চার হাজার ৭৫ মেট্রিক টন মাছ আমদানি কম হয়েছে। ২০১০-১১ অর্থবছরে টনপ্রতি ২২ হাজার ৯৫৪ টাকা বা প্রতি কেজিতে ২২ টাকা ৯৫ পয়সা শুল্ক দিতে হতো। ২০১১-১২ অর্থবছরে এই হার বাড়িয়ে করা হয় যথাক্রমে ২৬ হাজার ৭০০ টাকা বা ২৬ টাকা ৭০ পয়সা।শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, এই বন্দর দিয়ে মিয়ানমার থেকে ২০১০-১১ অর্থবছরে ১৪ হাজার ৫৯০ মেট্রিক টন মাছ আমদানি হয়। এর বিপরীতে রাজস্ব আদায় করা হয়েছে ২৭ কোটি ৬১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে ১০ হাজার ৫১৫ মেট্রিক টন মাছ আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয় প্রায় ২৫ কোটি ৩৪ লাখ টাকা। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৭৭৩ মেট্রিক টনের বিপরীতে রাজস্ব আদায় হয় এক কোটি ৮১ লাখ টাকা।