মিয়ানমারের মধ্য দিয়ে চীনের সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপন করা গেলে তা বাংলাদেশকে এই অঞ্চলে বাণিজ্যিক কেন্দ্রে (হাব) রূপান্তর করবে। এভাবে দক্ষিণ রেশম সড়কের (সিল্ক রুট) পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিকে উজ্জীবিত করবে।ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এই অভিমত প্রকাশ করেছে। সংগঠনটির ত্রৈমাসিক সাময়িকী আইসিসি নিউজ বুলেটিনের সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। সাময়িকীটি গতকাল প্রকাশ করা হয়।সাময়িকীতে বলা হয়েছে, এই সংযোগ স্থাপনের জন্য অবকাঠামো খাতে সুপরিকল্পিত বিনিয়োগ অত্যাবশ্যক।সম্প্রতি চীনের ইউনান প্রদেশের গভর্নর বাংলাদেশ সফরকালে মিয়ানমারের ভেতর দিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চীন বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।আইসিসি নিউজ বুলেটিনের সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রায় ৪০০ কোটি ডলারের ঘাটতি মোকাবিলা করলেও চীন বাংলাদেশের পণ্য আমদানির অন্যতম বৃহৎ উৎস হয়ে উঠেছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হলো চীনের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য।এ বছর জুলাইয়ে চীন বাংলাদেশসহ ৩৩টি স্বল্পোন্নত দেশকে চার হাজার ৭৬২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে ঘাটতি কমিয়ে আনার সুযোগ তৈরি করেছে। সুতরাং বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ এখানে রয়েছে বলে আইসিসিবি মনে করে।আবার চীন বেশ কিছুসংখ্যক রপ্তানিভিত্তিক শিল্প তুলনামূলকভাবে কম মজুরির দেশগুলোয় স্থানান্তরের চিন্তাভাবনা করছে, যার সুযোগ বাংলাদেশ অবশ্যই নিতে পারে। তাহলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়বে।চীন ইউনান প্রদেশকে দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্ত করেছে। আর তাই কুনমিং ও চট্টগ্রামের মধ্যে প্রস্তাবিত রেল ও সড়ক যোগাযোগ মিয়ানমারের মধ্য দিয়ে চীনসহ অন্য দেশের সঙ্গেও সম্পৃক্ত করবে বলে মনে করে আইসিসিবি। এটা স্থাপিত হলে বাংলাদেশ আশিয়ান দেশগুলোর লোভনীয় সব বাজারের সঙ্গে সম্পৃক্ত হবে।আইসিসি নিউজ-এর সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কও আস্তে আস্তে জোরালো হচ্ছে।