মিয়ানমারে চালু হচ্ছে তিনটি আন্তর্জাতিক ব্যাংক কার্ড
আগামী বছর মিয়ানমারে তিনটি আন্তর্জাতিক ব্যাংক কার্ড প্রবর্তন করা হবে। এর মধ্য দিয়ে মিয়ানমারে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের পথ প্রশস্ত হবে। মিয়ানমার পেমেন্ট ইউনিয়ন (এমপিইউ) পদ্ধতির আওতায় দেশটিতে বেসরকারি ব্যাংকগুলো এই তিনটি কার্ড পরিচালনা করবে। এগুলো হলো: ভিসা, কাপ (চায়না ইউনিয়ন পে) ও জেসিবি (জাপান ক্রেটি ব্যুরো)। এমপিইউর সদস্য যেকোনো ব্যাংকের গ্রাহকেরা যেকোনো একটি কার্ড ব্যবহার করে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এদিকে আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য মিয়ানমারের ব্যাংক কার্ড প্রবর্তন করারও উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালে এটি বাজারে আসবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর আগেই সারা দেশে এবং ২০১৩ সালে সাউথইস্ট এশিয়ান (এসইএ) গেমসের সময় আসিয়ানভুক্ত দেশগুলোতে এমপিইউ পদ্ধতির বিস্তার ঘটানো হবে।বর্তমানে মিয়ানমারে ১৯টি বেসরকারি ব্যাংক রয়েছে। আর আছে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এ তিনটি ব্যাংক হলো: মিয়ানমার ইকোনমিক ব্যাংক, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট কমার্শিয়াল ব্যাংক। ১৯টি বেসরকারি ব্যাংকের মধ্যে ১১টি বর্তমানে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে।উল্লেখ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার পাশাপাশি মিয়ানমারের অর্থনীতি এখন ধীরে ধীরে উন্মুক্ত করা হচ্ছে। সূত্র: সিনহুয়া/বাসস।