মিয়ানমারে দেদার পাচার হচ্ছে আলু, ভোজ্যতেল ও পেঁয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের অন্তত ১৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেল পাচার হচ্ছে। রমজান মাস উপলক্ষে ওপারে চাহিদা বাড়ায় দিন দিন এই তিনটি পণ্যের চোরাচালানও বাড়ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর জুন মাস থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানি শুরু হয়। কিন্তু ওপারে চাহিদা থাকায় এবার রপ্তানির চেয়ে অবৈধ পথেই বেশি যাচ্ছে আলু। সেই সঙ্গে পাচার হচ্ছে পেঁয়াজ ও ভোজ্যতেল। এতে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।সূত্রমতে, টেকনাফের অসাধু ব্যবসায়ীদের কয়েকটি সিন্ডিকেট কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেল এনে সীমান্তের ১৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারের চোরাকারবারিদের কাছে পাচার করে। পয়েন্টগুলো হলো: টেকনাফ উপজেলার নাটমোরাপাড়া, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়া, কেরুনতলি, নাইট্যংপাড়া, মৌলভীপাড়া ও ঘোলাপাড়া।টেকনাফ স্থলবন্দরের আলু রপ্তানিকারক এনামুল হক ও জাফর আলম প্রথম আলোকে বলেন, মিয়ানমারে এখন অবৈধ পথেই আলু বেশি পাচার হওয়ায় রপ্তানি কমে গেছে। টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, রমজান মাসে মিয়ানমারের আরাকান রাজ্যে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে বাংলাদেশের কিছু চোরাচালানি রমরমা ব্যবসা করে। জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফে ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি বিওপির (সীমান্ত চৌকির) জওয়ানরা চলতি বছরের জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাড়ে সাত মাসে মিয়ানমারে পাচারকালে ১৪ হাজার ১৪৩ কেজি আলু, ১০ হাজার ৩৩২ লিটার ভোজ্যতেল ও ১০ হাজার ৪৪৪ কেজি পেঁয়াজসহ ২৮ জন পাচারকারী ও ৭৯টি নৌকা আটক করে। এর মধ্যে চলতি মাসের ১৬ দিনে আটক করা হয় দুই হাজার ৫২৮ কেজি আলু, ৭৮৬ লিটার ভোজ্যতেল ও ৩৭৩৬ কেজি পেঁয়াজ। এ প্রসঙ্গে ৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, রমজান মাসে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে ব্যাপারে বিজিবির সদস্যদের সীমান্ত এলাকায় সতর্কাবস্থায় রাখা হয়েছে। এর পরও তাঁদের চোখ ফাঁকি দিয়ে পণ্য পাচার করা হচ্ছে।বিজিবির হাতে আটক মিয়ানমারের পাচারকারী নুরু হুদা জানান, সীমান্ত এলাকার কিছু দোকানির কাছ থেকে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেল কিনে তারা নানা কৌশলে মিয়ানমারের পাচার করে।টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একাধিক চোরাচালানি চক্র মিয়ানমারে ভোজ্যতেল পাচার করছে।’