মিয়ানমারে মাছের পোনা রপ্তানি শুরু
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে এবারে মিয়ানমারে বিভিন্ন ধরনের মাছের পোনা রপ্তানি হচ্ছে।বাংলাদেশ থেকে গত জানুয়ারি মাসে প্রতিবেশী দেশটিতে রপ্তানি হয়েছে তেলাপিয়া, পাঙাশ ও চিংড়ির পোনা। মিয়ানমারের মংডুসহ আরাকান রাজ্যে মাছের চাষ বেড়ে যাওয়ায় সেখানে বাংলাদেশি পোনার চাহিদা দেখা দেয় বলে জানা গেছে।কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদরে চিংড়ির পোনা, মনোসেক্স তেলাপিয়া ও পাঙাশ মাছের পোনা উৎপাদনের ৬৮টি হ্যাচারি রয়েছে। বিশেষ করে কক্সবাজারে স্থাপিত ৫৫টি হ্যাচারিতে উৎপাদিত চিংড়ির পোনা দিয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ সারা দেশের প্রায় দেড় লাখ হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হচ্ছে।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. আনোয়ার মাসুম প্রথম আলোকে জানান, জানুয়ারি মাস থেকে এই বন্দর দিয়ে মিয়ানমারে মাছের পোনা রপ্তানি শুরু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে পোনা রপ্তানি আরও বাড়বে। জানা গেছে, জানুয়ারি মাসে টেকনাফ স্থলবন্দরে মোট ৩৫ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়েছে দুই কোটি আট লাখ ৭৩ হাজার নয় টাকার পণ্য।