মিয়ানমারের কৃষি জমি ইজারা নিয়ে চাষাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পতিত জমিতে ফসল ফলাবে বাংলাদেশের চাষিরা। দেশটির বিপুল পরিমাণ আবাদি জমি ইজারা নিয়ে এ চাষ করা হবে। আগামী মাসেই এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি হবে মিয়ানমারের সঙ্গে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত তাঁর সাম্প্রতিক তিন দিনের মিয়ানমার সফরের অভিজ্ঞতা-সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহুল আমিন সরকার, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক হেলালউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরের কথা রয়েছে। ওই সময় মিয়ানমারের সঙ্গে চুক্তি হতে পারে। তারই অংশ হিসেবে ‘বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় পুঁজিবিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ’সংক্রান্ত খসড়া গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।বাণিজ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের আয়তন বাংলাদেশের প্রায় পাঁচ গুণ। অথচ দেশটির জনসংখ্যা বাংলাদেশের এক-তৃতীয়াংশ। জমি ইজারাবিষয়ক মিয়ানমারের নীতিমালার অনুলিপি তাদের কাছে চাওয়া হয়েছে। শিগগিরই মিয়ানমারের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। ওই সময় এসব ব্যাপারে আরও বিশদ আলোচনা হবে বলে তিনি জানান। ফারুক খান আরও বলেন, এবারের মিয়ানমার সফরে দেশটির গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এত দিন রক্ষণশীল থাকলেও বর্তমানে উপলব্ধি হয়েছে যে, তাঁদের অর্থনীতি আরেকটু উন্মুক্ত করতে হবে। মিয়ানমারে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই তাঁদের এই উপলব্ধি হয়েছে। ‘আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপন, উপকূলীয় জাহাজ চলাচল, সরাসরি আকাশ যোগাযোগ ও মৎস্য খাতে সহায়তাবিষয়ক আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। ফারুক খান বলেন, ‘মিয়ানমারের ব্যবসায়ীরা সাধারণত টিটির মাধ্যমে লেনদেনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অভিজ্ঞতা না থাকায় ঋণপত্রের (এলসি) ব্যাপারে তাঁদের সন্দেহ ছিল। আমাদের সোনালী ব্যাংক মিয়ানমারের অন্তত তিনটি ব্যাংকের সঙ্গে আলোচনা করে বুঝিয়েছে যে, কীভাবে এলসির মাধ্যমে অতি সহজে লেনদেন করা যায়।’মিয়ানমারের সঙ্গে নৌপথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ এবং রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগব্যবস্থা চালুর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে দাবি ছিল। মিয়ানমারও এতে রাজি বলে ফারুক খান জানান। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের মুংডু থেকে সিটউয়ে (আকিয়াব) এবং বাংলাদেশের অংশে টেকনাফ থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত জাহাজ চলাচলের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে মিয়ানমার। উল্লেখ্য, বর্তমানে টেকনাফ ও গুংদমকে কেন্দ্র করে খুবই সীমিত আকারে দুই দেশের জাহাজ চলে।ফারুক খান বলেন, মিয়ানমারে ওষুধ, কনডেন্সড মিল্ক, সিমেন্ট ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এক লাখ টন আলু রপ্তানির বিষয়টি প্রায় চূড়ান্ত। অন্যদিকে মিয়ানমার থেকে চাল আমদানির বিষয়ে সফল আলোচনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে চাল রপ্তানি করতে তাদের ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। মিয়ানমারের জনগোষ্ঠী আতপ চাল খান। কিন্তু তাঁরা আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জন্য এমনকি সিদ্ধ চাল তৈরি করে দেওয়া হবে।’২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২০ কোটি ডলারের বাণিজ্য হওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে ১৮ কোটি ডলারের পণ্যই মিয়ানমার থেকে আমদানি হয়েছে।