মিয়ানমারের সঙ্গে বাণিজ্য বাড়াতে কৌশল নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী দিনে ৫০ কোটি ডলারে উন্নীত করতে সম্ভাব্য কৌশল ও কর্মপন্থা নির্ধারণের জন্য দুই দেশই সম্মত হয়েছে।
বর্তমানে দুই দেশের বাণিজ্যের (আমদানি-রপ্তানি) পরিমাণ বছরে প্রায় ১০ কোটি ডলারের।
মিয়ানমারের রাজধানী নেপিডুতে অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমার যৌথ বাণিজ্য কমিশনের সপ্তম সভায় এমন বিষয়ে আলোচনা হয়েছে। ১৪ ও ১৫ জানুয়ারি সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাণিজ্যসচিব মাহবুব আহমেদের নেতৃত্বে মিয়ানমারে নিযুক্ত এ দেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি সভায় যোগ দেয়। ৪৩ সদস্যের মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী পুইন্ট স্যান।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। তিনি ঢাকা-ইয়াঙ্গুন বিমান চলাচল পুনরায় চালু হওয়ায় এবং দুই দেশের জাহাজ চলাচল চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার) উদ্যোগের মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপনের ওপর তিনি জোর দেন।
যৌথ বাণিজ্য কমিশনের এ সভায় কৃষি গবেষণা ও মৎস্য খাতে সহযোগিতার জন্য দুটি যৌথ কর্মদল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সীমান্ত বাণিজ্য, কৃষি, খাদ্য, মৎস্য, বিদ্যুৎ ও খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা; জাহাজ চলাচল চুক্তি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, বাণিজ্য মেলায় অংশ নেওয়া, ঋণপত্রের (এলসি) মাধ্যমে ব্যবসা-বাণিজ্য জনপ্রিয়করণ, প্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধার আওতায় কিছু পণ্যের শুল্ক কমানো যায় কি না তা পরীক্ষা করা, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়।