আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু সীমান্তবাণিজ্য, ঋণপত্র খোলা, সিঅ্যান্ডএফের আনুষ্ঠানিকতাসহ নানা ধরনের সমস্যা রয়েছে। তাই দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো ১০ কোটি ডলারে উন্নীত হতে পারেনি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের স্বার্থে এসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মিয়ানমারের ভিসা-প্রক্রিয়া সহজ করারও প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং মিয়ানমার ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। এফবিসিসিআইয়ের সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান তুং অং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর আফতাবুজ্জামানসহ সে দেশের ব্যবসায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, কাজী মফিজুল ইসলাম, মো. জালালউদ্দিন, আবদুর রাজ্জাক, মো. জালালউদ্দিন আহমেদ (ইয়ামিন), মো. হারুন উর রশীদ এবং মো. আমিনুল হক, বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. মোস্তফা কামালসহ এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মো. জসিম উদ্দিন মিয়ানমার প্রতিনিধিদলকে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সফররত মিয়ানমার প্রতিনিধিদলের নেতা তুং অং বলেন, বাংলাদেশ ও মিয়ানমার ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ব্যবসায়ী অংশীদার। দুই দেশের মধ্যে আন্তরিক ও বন্ধুভাবাপন্ন সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নতি হয়নি। তিনি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য-সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ঘাটতি মোকাবিলা করছে। আবার দুই দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে খুব ধীরগতিতে।এফবিসিসিআইয়ের সংকলিত পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ মাত্র এক কোটি ডলারের পণ্যসামগ্রী মিয়ানমারে রপ্তানি করেছে। এবং এ বছরই প্রথম মিয়ানমারে বাংলাদেশের রপ্তানি এক কোটি ডলারের কোটায় উন্নীত হয়।একই বছর দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় সাত কোটি ডলারের পণ্য। তার মানে, দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট কোটি ডলার।আবার ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ৯২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে মিয়ানমার থেকে বাংলাদেশ পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ছয় কোটি ডলারের সামান্য ওপর। পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ মিয়ানমার থেকে রেকর্ড আট কোটি ২২ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।