মিয়ানমারের সঙ্গে শিপিং প্রটোকল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের নেতারা বলেছেন, মিয়ানমারের সঙ্গে শিপিং প্রটোকল স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার হবে। মিয়ানমারে ভবন নির্মাণসামগ্রী, তৈরি পোশাক, আলুসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বাংলাদেশের। এ বাণিজ্য প্রসারে তাই দেশটির সঙ্গে শিপিং প্রটোকল স্বাক্ষরের জোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। সচিবালয়ে গত রোববার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের নেতারা এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। এ সময় সংগঠনটির নেতারা ছাড়াও নৌপরিবহনসচিব অশোক মাধব রায়ও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের জানানো হয়, মিয়ানমারে নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনার দিকটি বাংলাদেশ গভীরভাবে খতিয়ে দেখছে। এ জন্য সরকারের পক্ষ থেকে চেম্বার নেতাদের সহযোগিতাও চাওয়া হয়।