দীর্ঘদিন ধরেই ভারতের ধনকুবেরদের তালিকার শীর্ষে অবস্থান করছেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি। কিন্তু কেয়ার্ন এনার্জি ভারতে যে ব্যবসায়ের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়িত হলে ধনীর তালিকায় মুকেশকেও ছাড়িয়ে যেতে পারেন অনিল আগারওয়াল নামের এক ব্যবসায়ী।ব্যাবসায়ী অনিল যদি কেয়ার্ন ইন্ডিয়া কিনে নেন এবং এর পাশাপাশি তিনি স্টারলাইট এনার্জির আইপিওর মালিক হলে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়াবে এক লাখ ৬৭ হাজার কোটি রুপি। যা অবশ্যই মুকেশ আম্বানির এক লাখ ৪৫ হাজার ২৭৫ কোটি রুপির বেশি।বর্তমানে ‘বেদান্ত’ নামের একটি শিল্পগোষ্ঠীর মালিক অনিল আগারওয়াল। এই মুহূর্তে অবশ্য মুকেশের রিলায়েন্স গ্রুপের মোট সম্পদ বেদান্তর চেয়ে বেশি। যদিও একক শিল্পগোষ্ঠী হিসেবে এখনো টাটা গ্রুপের মোট সম্পদ রিলায়েন্স ও বেদান্ত উভয়ের চেয়েই বেশি। টাটা গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৩ লাখ কোটি রুপিরও বেশি। তবে টাটা গ্রুপের মোট সম্পদের মালিক হিসেবে রতন টাটা মুকেশ ও আগারওয়ালের একদমই ধরাছোঁয়ার বাইরে।ভারতের এই শীর্ষ তিন ব্যবসায়ী প্রত্যেকেই আলাদা আলাদা ক্ষেত্রে বিনিয়োগের জন্য বিখ্যাত। রতন টাটা ও তাঁর শিল্পগোষ্ঠী টাটা বিখ্যাত ইস্পাত ও প্রকৌশল শিল্প, টেলিকম ও অন্যান্য সেবাধর্মী ব্যবসায়ের জন্য। মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ ভারতের সবচেয়ে বড় বিদ্যুত্ ও জ্বালানি খাতের বিনিয়োগকারী। অনিল আগারওয়াল রতন টাটা ও মুকেশ আম্বানির চেয়ে তুলনামূলক কম পরিচিতি পাওয়া ব্যবসায়ী হলেও তিনি ইতিমধ্যেই খনিজ শিল্পে ভারতের অন্যতম বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিতি পেয়েছেন। কেয়ার্ন এনার্জিকে ভারতে বিনিয়োগ করতে এনে তিনি ইতিমধ্যেই জ্বালানি খাতে মুকেশ আম্বানির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছেন।কেয়ার্ন এনার্জি ভারতে বিনিয়োগ করার পর এর নাম হয়েছে কেয়ার্ন ইন্ডিয়া। কেয়ার্ন ইন্ডিয়ার ভারতীয় অংশের শেয়ারের মালিক হওয়ার পর অনিল আগারওয়ালের পারিবারিক সম্পদের পরিমাণ দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। কেয়ার্ন ইন্ডিয়া ইতিমধ্যেই ভারতে ৯৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। পারিবারিক সম্পদের ভিত্তিতে এই মুহূর্তে ভারতে শীর্ষে রয়েছেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি। এই হিসাবটি শিল্পগোষ্ঠীর মালিকের পারিবারিক শেয়ারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। অনিলের বালাকো, স্টারলাইটসহ মোট পারিবারিক সম্পদের পরিমাণ এক লাখ ৬৬ হাজার ৯৩৮ কোটি রুপি। পিটিআই।