আগাম ভিত্তিতে ১৯ বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার দাবি
মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী মালয়েশিয়া
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে বাধা দূর করতে সরকারের উচিত বিষয়টি দ্রুত ত্বরান্বিত করা। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা গতকাল শনিবার এ পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, এফটিএ কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। তাই এর আগে স্বল্পোন্নত দেশ হিসেবে আগাম বাজার প্রবেশাধিকারের সুবিধা (আরলি হারভেস্ট অ্যাগ্রিমেন্ট) পেতে চুক্তি করা যেতে পারে। দেশে তৈরি অন্তত ১৯টি পণ্যের ক্ষেত্রে সংগঠনটির নেতারা এ সুবিধা চেয়েছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘শোকেস বাংলাদেশ ২০১০’-এর অর্জন তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএমসিসিআই। দেশের ইতিবাচক ভাবমূর্তিসহ বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতেই তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বিএমসিসিআই সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এ সময় সংগঠনটির সাবেক সভাপতি সালাহউদ্দিন হাশেম খান, সহসভাপতি নাসির এ চৌধুরী, শোকেস বাংলাদেশের আয়োজক কমিটির চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত ছিলেন।মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশ শোকেসে আমরা বাংলাদেশি পণ্যের প্রদর্শনী, বাণিজ্যসম্পর্কিত সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেছি। এ সময় মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রীসহ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে আলোচনা হয়েছে। সরাসরি এসব আলোচনার মাধ্যমে সে দেশের ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আস্থা তৈরি হয়েছে।’তিনি বলেন, আসিয়ান জোটভুক্ত দেশগুলো মালয়েশিয়ায় পণ্য রপ্তানির জন্য শূন্য শুল্কসুবিধা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশের পণ্য সে দেশে প্রবেশ করতে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হয়। কেবল সরকারের নীতি-সহায়তার বিষয়টি সমাধান করা সম্ভব। এ ছাড়া মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ঘাটতি মোকাবিলা করে আসছে।সালাহউদ্দিন হাশেম খান বলেন, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আর্থসামাজিক সহযোগিতা বাড়াতে একটি ফোরাম গঠনের ব্যাপারে সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন (সিয়াকো) নামে আঞ্চলিক ফোরাম গঠন করা গেলে বাণিজ্য সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শোকেসে মোট ৫৫টি ব্যবসায়ী ও ব্যাংকিং প্রতিষ্ঠান অংশ নেয়। এ ছাড়া এতে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।১৯টি পণ্যের তালিকা: যে ১৯টি পণ্যের ক্ষেত্রে আগাম শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে, সেগুলো হলো—পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, নিটপোশাক, ওভেন পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ পণ্য, কৃষিপণ্য, হালাল মাংস, পাদুকা, ম্যালামাইন ও প্লাস্টিক পণ্য, সিরামিকস পণ্য, বস্ত্র, বিশেষায়িত বস্ত্র, ব্যাটারি, কৃত্রিম ফুল, রেশম কাপড়, ব্যাগ, ক্যামেরার যন্ত্রাংশ ও বাইসাইকেল।