মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় মালয়েশিয়ার আগ্রহ শুধু পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে চুক্তির একটি নমুনা বাংলাদেশকে পাঠানো হয়েছে।এখন বাংলাদেশ যেভাবে এফটিএ করতে আগ্রহী, তার চাহিদাসহ একটি নমুনা চুক্তির কপি শিগগিরই মালয়েশীয় সরকারের কাছে পাঠানো হবে। ৪ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তিটি হলে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো কোনো দেশের এফটিএ হবে।তবে এফটিএ করার বিষয়ে দুই দেশ একমত হলেও এর পরিধি নিয়ে মতভেদ রয়েছে। চলতি বছরের প্রথম দিকে মালয়েশিয়ার পক্ষ থেকে এফটিএ চুক্তির যে নমুনা পাঠানো হয়েছে, তাতে স্পষ্ট যে মালয়েশিয়া শুধু পণ্যবাণিজ্যেই আগ্রহী। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানিতেই এফটিএ করতে বেশি আগ্রহী মালয়েশিয়া।অন্যদিকে বাংলাদেশ পণ্যের বাইরে সেবা খাতকে বিশেষত জনশক্তি রপ্তানিকে অন্তর্ভুক্ত করতে চায়। এরই অংশ হিসেবে সর্বশেষ ৪ ডিসেম্বরের বৈঠকে প্রস্তাবিত এফটিএ রূপরেখায় সেবা খাত তথা মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত করে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির নমুনা প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশকে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হবে। এফটিএ অনুসারে, বাংলাদেশি পণ্য যেমন শুল্কমুক্তভাবে মালয়েশিয়ায় যাবে, তেমনি মালয়েশিয়ার পণ্যও বাংলাদেশে প্রবেশ করবে কোনো শুল্ক না দিয়েই। এতে আমদানি শুল্কবাবদ আয় কমবে। সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে মালয়েশিয়া থেকে পণ্য আমদানিবাবদ ৯৮৮ কোটি টাকার আমদানি শুল্ক পাওয়া গেছে। এ ছাড়া একই বছরে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অগ্রিম আয়করসহ অন্যান্য আনুষঙ্গিক করবাবদ দুই হাজার ৯৯৪ কোটি টাকা আদায় করেছে এনবিআর। এনবিআরের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ আমদানি করে অনেক বেশি। তাই বাংলাদেশকে রাজস্বও বেশি হারাতে হবে।অবশ্য বাংলাদেশ ট্যারিফ কমিশন এফটিএ করার ক্ষেত্রে দুই দেশের জন্যই স্পর্শকাতর পণ্যের তালিকা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ দুই দেশেরই এমন কিছু পণ্য থাকবে, যা শুল্কমুক্ত বা অবাধ বাজারসুবিধা পাবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই পণ্যের সংখ্যা কমিয়ে শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ সেলের প্রধান রুহুল আমিন সরকার প্রথম আলোকে বলেন, এই বিষয়ে এখনো কিছু বলার মতো কোনো অগ্রগতি হয়নি। পুরোটাই আলোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়ার সফরকে কেন্দ্র করে প্রথম দেশটির সঙ্গে এফটিএ করার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়। তবে তা পরে আর ততটা অগ্রসর হয়নি।মালয়েশিয়া থেকে বাংলাদেশ প্রধানত ভোজ্যতেল, পেট্রোলিয়াম পণ্য (গ্যাসোলিন), ইলেকট্রনিক পণ্য, রাসায়নিক পণ্য, ইস্পাত, রাবার, আসবাব ইত্যাদি আমদানি করে। বিপরীতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্যপণ্য, চামড়া ইত্যাদি মালয়েশিয়ায় রপ্তানি হয়। ২০১০-১১ অর্থবছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ প্রায় ১৭৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে একই অর্থবছরে বাংলাদেশ থেকে মাত্র সাড়ে চার কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ১৬০ কোটি ডলারের বেশি।দ্বিপক্ষীয় ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে এখনো পর্যন্ত কোনো দেশের এফটিএ নেই। তবে ইরানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে। আঞ্চলিক পর্যায়ে সাফটা, বিসটেক, আপটা ও ওআইসির সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি রয়েছে।