মুক্ত বাণিজ্য প্রসারে কাজ করছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ। এ উপলক্ষে ২৫-২৬ অক্টোবর ঢাকায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। তার আগে সংস্থাটির কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও বিশ্বজুড়ে এটির অবস্থানসহ নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান
প্রথম আলো: আইসিসি বাংলাদেশ প্রতিষ্ঠার শুরুর প্রেক্ষাপট জানতে চাই।
মাহবুবুর রহমান: ১৯৯২-৯৪ সালের কথা। তখন আমি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রধান হিসেবে তখন আমি ও আমার পরিচালনা পর্ষদ অনুভব করল বিশ্ববাণিজ্যের সঙ্গে যুক্ত হতে হলে আন্তর্জাতিক কোনো সংগঠন বা সংস্থার সঙ্গে আমাদের সরাসরি সম্পৃক্ত হওয়া খুবই জরুরি। তখনো কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও গঠিত হয়নি। তাই বৈশ্বিক বাণিজ্যের ধরনটা আজকের মতো ছিল না। সে সময় বিশ্বের অনেক দেশই তাদের নিজেদের বাজার অন্যের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে চাইত না। তাই বিশ্ববাণিজ্য উদারীকরণে অনেক আগে থেকেই কাজ করছিল আন্তর্জাতিক সংস্থা আইসিসি। এফবিসিসিআই এবং পরবর্তী সময়ে অন্যান্য চেম্বার ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের সঙ্গে আলোচনা করে আমরা বাংলাদেশে আইসিসির জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিই। তারই ভিত্তিতে ১৯৯৪ সালে কেন্দ্রীয় অনুমোদনক্রমে আইসিসি বাংলাদেশ বা আইসিসিবির কর্মকাণ্ড শুরু হয়।
প্রথম আলো: বাংলাদেশে তো অনেকগুলো বাণিজ্য সংগঠন অতীতেও ছিল এবং এখনো রয়েছে। সেখানে আইসিসিবির কার্যক্রম বা ভূমিকা কী ছিল।
মাহবুবুর রহমান: দেখুন, আইসিসিবির ভূমিকা বা কার্যক্রম সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে আইসিসির কর্মকাণ্ড, ইতিহাস ও ঐতিহ্য। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বা আইসিসি নামে আন্তর্জাতিক যে সংগঠনটি রয়েছে, সেটির জন্ম প্রথম বিশ্বযুদ্ধের পর পর, ১৯১৯ সালে। ফ্রান্সের রাজধানী প্যারিসে। যুক্তরাষ্ট্রের একটি শহরে বৈঠক করে বিশ্বের একদল কিংবদন্তি ব্যবসায়ী বা বণিক মিলে এই সংগঠনটি গঠন করেছিলেন। যাঁদের আইসিসি ‘মার্চেন্ট অব পিস বা শান্তির বণিক’ হিসেবে অভিহিত করা হয়। সে সময় তাঁরা বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের বিষয়টি অনুধাবন করেছিলেন। সে জন্য প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ শুরু করে আইসিসি। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে আইসিসির কার্যক্রম রয়েছে। এই সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে বিশ্ববাজারকে সবার জন্য উন্মুক্ত করা।
প্রথম আলো: যে উদ্দেশ্য ও মূলমন্ত্র নিয়ে আইসিসির যাত্রা তা পূরণে আইসিসিবি কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পেরেছে?
মাহবুবুর রহমান: আমি আগেই বলেছি, আইসিসির কাজের ধরনটা অন্য রকম। অন্যান্য বাণিজ্য বা শিল্প সংগঠনের সঙ্গে এটির কাজের ভিন্নতা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য আমরা সরকারের সঙ্গে কাজ করি। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রসারের ক্ষেত্রে এ-সংক্রান্ত আইন ও বিধিবিধানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সরকারের সামনে তুলে ধরা এবং সেসব বাধা দূর করতে কাজ করি আমরা। যেহেতু আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পৃক্ততা রয়েছে, তাই আন্তর্জাতিক বিভিন্ন অভিজ্ঞতাকে এ ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করে আইসিসি বাংলাদেশ।
প্রথম আলো: আমরা জানি, আইসিসি বাংলাদেশ এরই মধ্যে ২০ বছর অতিক্রম করছে। এ সময়ে আপনাদের অর্জনগুলো কী?
মাহবুবুর রহমান: আমাদের কার্যক্রম অনেকটা জ্ঞানভিত্তিক। নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আইসিসিবি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন নিয়মাচার প্রণয়ন করে আইসিসি; যা আমাদের সরকারও পরিপালন করে থাকে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি-রপ্তানি, বহুমাত্রিক যোগাযোগ বিষয়ে এসব নিয়মাচার তৈরি করা হয়। এ ছাড়া ব্যাংকসহ অন্যান্য খাতের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আইসিসিবি আন্তর্জাতিক মানের যেসব সম্মেলন আয়োজন করে, তাতে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতিরা অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হয়েছে।
প্রথম আলো: আপনাদের এবারের সম্মেলনের মূল ভাবনা কী? এতে কারা অংশ নেবেন?
মাহবুবুর রহমান: আমাদের এবারের সম্মেলনের মূল ভাবনা ‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার: প্রেক্ষিত এশিয়া’। এ ছাড়া এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হবে এই সম্মেলনে। এখনো সম্মেলনের নিবন্ধন-প্রক্রিয়া চলছে, তাই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না বিশ্বের কয়টি দেশ এতে অংশ নেবে। তবে আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেবেন। আঙ্কটাডের মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যবসায়ী নেতারাও এই সম্মেলনে যোগ দেবেন।
প্রথম আলো: আইসিসির প্রচেষ্টা এবং পরবর্তী সময়ে বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট ও পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের মুক্ত বাণিজ্যের সুফল বাংলাদেশ কতটা পেয়েছে বলে মনে করেন?
মাহবুবুর রহমান: বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যব্যবস্থা চালু হয়েছে বলেই বাংলাদেশের বিভিন্ন পণ্য আজ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। মুক্ত বাণিজ্যব্যবস্থা নিয়ে এখনো হয়তো নানা সমস্যা রয়েছে। সেসব সমস্যা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে আইসিসি। তবু বিশ্ববাজারে বাংলাদেশের যেটুকু অবস্থান, তা কিন্তু মুক্ত বাণিজ্যেরই সুফল। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, উন্নত দেশগুলো যদি শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সম্প্রসারণে উদার হতো, তাহলে বাংলাদেশ আরও অনেক বেশি সুফল পেত।
প্রথম আলো: যুক্তরাষ্ট্রের বাজারে এখনো বাংলাদেশি অনেক পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় না। তাহলে সেটি কেন?
মাহবুবুর রহমান: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারের বেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমমানের বিষয়টিকে প্রায়ই অজুহাত হিসেবে দেখানো হয়। অথচ আইএলওর অনেক কনভেনশনে যুক্তরাষ্ট্র স্বাক্ষরই করেনি। তার পরও তারা বাংলাদেশের বেলায় আইএলও কনভেনশনকে সামনে নিয়ে আসে। তথাপি বাংলাদেশের তৈরি পোশাকসহ অনেক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে বাজারটি সম্প্রসারণের সুযোগ রয়েছে।
প্রথম আলো: আইসিসিবির সদস্য কারা বা এই সংগঠনটির সঙ্গে কারা যুক্ত হতে পারেন?
মাহবুবুর রহমান: বর্তমানে আইসিসি বাংলাদেশের সদস্যসংখ্যা ১১৮। এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ব্যাংক ও বিমা অ্যাসোসিয়েশনসহ দেশি-বিদেশি বিভিন্ন বাণিজ্য সংগঠন, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, আইন পেশার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান, দেশি খ্যাতিমান শিল্পপ্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে যুক্ত। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি যেকোনো প্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে।
প্রথম আলো: আইসিসিবির সভাপতি ও একজন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা কী বলে মনে করেন?
মাহবুবুর রহমান: বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির জন্য সবার আগে দরকার সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা। এরপর কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য প্রয়োজন বিনিয়োগ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক হিসাবে বলা হয়েছে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেতে হলে প্রতিবছর বিদ্যুৎ, সড়ক যোগাযোগ ও পানি সরবরাহ খাতে ৭৪০ থেকে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। ২০২০ সাল পর্যন্ত উল্লিখিত হারে বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেছে বিশ্বব্যাংক। এ ছাড়া উচ্চ প্রবৃদ্ধির জন্য অন্যান্য খাতেও বছরভিত্তিক বিনিয়োগের পরিমাণ ও তার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে বিশ্বব্যাংক। আমার ধারণা, অবকাঠামো খাতে পর্যাপ্ত বিনিয়োগ হলে অনায়াসে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব। কাঙ্ক্ষিত বিনিয়োগ নিশ্চিত করতে বাধা দূর করাটাই বড় সমস্যা এ দেশে।
{সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন}