মুক্তবাজার নীতি অব্যাহত রাখার জন্য জি-৮ ও জি-২০ জোটভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।এ মাসেই কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় জি-২০ জোটের সম্মেলন সামনে রেখে আইসিসির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। ২৬ ও ২৭ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইসিসির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।সম্মেলনে কয়েকটি বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্যও জি-২০ জোটের প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি। এগুলো হলো আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি এবং মেধাস্বত্ব ও নতুন কিছু আবিষ্কার।আইসিসি বাণিজ্য অর্থায়ন স্তরের পুনর্বহাল, সংরক্ষণনীতি পরিহার এবং বছর শেষ হওয়ার আগেই দোহা রাউন্ডের সমাপ্তি ঘোষণার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ ছাড়া একটি সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জালিয়াতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিকে সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছে আইসিসি।১২০টি দেশের সব খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে আইসিসি নিয়মিতভাবে বিশ্ববাণিজ্য সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করে থাকে।আইসিসির চেয়ারম্যান ভিক্টর কে ফুং বলেন, ‘১৯৩০ সালের মহামন্দার সময় থেকে বর্তমানের বিশ্বমন্দায়ও বহুমুখী বাণিজ্যপদ্ধতি তার গুরুত্ব আবারও প্রমাণ করেছে। কিন্তু আমরা বিশ্বনেতাদের সংরক্ষণনীতি যা এখনো নাজুক অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ক্ষতিকর হবে, তা পরিহারের আহ্বান জানাই।’আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববাণিজ্য ২০০৯ সালে ১২ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছিল। ২০১০ সালে তা সাড়ে নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তেলের দাম, প্রধান মুদ্রাগুলো এবং আর্থিক বাজারে স্থিতিশীলতা থাকলে তা সম্ভব হবে বলে মনে করে আইসিসি।বর্তমান বিশ্ব-অর্থনীতির আলোকে আইসিসি এই বলে সতর্ক করে দিয়েছে যে আগের যেকোনো সময়ের চেয়ে এখন দোহা রাউন্ডের সমাপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ।আইসিসি মনে করে, এ বছর সরকারগুলো যদি সম্মিলিতভাবে একটি কার্যকর আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বিশ্বের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে।বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি এটা বিশ্বাস করে যে স্বল্প আয়ের ও রপ্তানিনির্ভর দেশগুলোর সামর্থ্য ও প্রচার বাড়াতে বহুমুখী বাণিজ্য অর্থায়ন কার্যক্রম বাড়ানো গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, বিশ্বের শিল্পোন্নত সাত জাতিকে নিয়ে গঠিত হয় জি-৭ জোট। এর সঙ্গে রাশিয়াকে যুক্ত করে করা হয় জি-৮ এবং আরও কয়েকটি উন্নত ও অগ্রসর উন্নয়নশীল দেশকে নিয়ে গঠিত হয়েছে জি-২০। এই জোটের সদস্যরা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়ন।