মুক্তবাণিজ্য চুক্তি শুধু আলোচনাতেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক দশক ধরে বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে। হচ্ছে আলোচনা-সেমিনার। হচ্ছে বিভিন্ন সমীক্ষা ও গবেষণাপত্র। তবে বাস্তবায়ন হচ্ছে না। বিষয়টি হলো মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ। কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ এখন পর্যন্ত দ্বিপক্ষীয় ভিত্তিতে মুক্তবাণিজ্য চুক্তি (বিএফটিএ) স্বাক্ষর করতে পারেনি। ভবিষ্যতে কবে পারবে, তা-ও নিশ্চিত নয়। তবে এই চুক্তি করার বিষয়ে সরকারের আগ্রহ বারবারই প্রকাশ পাচ্ছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন যে ভারত ও মালয়েশিয়ার সঙ্গে পৃথকভাবে মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়টি প্রায় চূড়ান্ত। কিন্তু এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। বাণিজ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে যেটুকু জানা গেছে, তাতে সহসা চুক্তি স্বাক্ষর হবে, এমন আভাসও মেলেনি। আর তাই প্রশ্ন জেগেছে, এফটিএ নিয়ে হলোটা কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়ার আগে আরও কয়েকটি বিষয় সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। বিশেষ করে কেন ভারত, পাকিস্তান বা মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে, সে প্রশ্নের উত্তর আগে জানা দরকার। কেন এফটিএ: এই ধরনের অবাধ বাণিজ্য চুক্তি করে আমাদের কতটা ও কীভাবে লাভ হবে, তা সবার আগে পরিষ্কার হওয়া প্রয়োজন। অন্যরা করছে বলে আমাদেরও করতে হবে—এই চিন্তা থেকে এফটিএ করার দিকে অগ্রসর হলে তাতে কোনোই সুফল পাওয়া যাবে না, পাওয়া সম্ভবও নয়। অথচ প্রায় এক দশক ধরে এফটিএ নিয়ে বিভিন্ন তৎপরতায় এই যুক্তিটি জোরেশোরেই শোনা গেছে। বলা হয়েছে, ‘এফটিএ না করলে আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়ব।’ পিছিয়ে পড়ার জায়গাটি হলো বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে। যেহেতু পণ্য রপ্তানি আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, সেহেতু রপ্তানির বাজার যত সম্প্রসারণ হবে, ততই লাভ। এফটিএর মাধ্যমে বিভিন্ন দেশের বাজারে স্বল্প শুল্কে বা বিনা শুল্কে প্রবেশ করা যাবে। অশুল্ক প্রতিবন্ধকতাও অনেক কম হবে। এর ফলে দেশীয় রপ্তানিকারকেরা উৎসাহিত হবেন। রপ্তানি যেমন বাড়বে, তেমনি রপ্তানি-সংক্রান্ত ব্যয়ও কমবে। বলা যেতে পারে, এফটিএ করার এটাই প্রধান যুক্তি। এর পাশাপাশি আরেকটি যুক্তিও উঠে এসেছে। সেটি হলো, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি। বাংলাদেশে উৎপাদিত পণ্য এফটিএর কল্যাণে ভারত বা মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার ফলে তা অন্য দেশের উৎপাদক ও রপ্তানিকারকদেরও উৎসাহিত করতে পারে। বিশেষ করে যেসব দেশ এই সুযোগ পাচ্ছে না, সেসব দেশের উদ্যোক্তারা বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তাঁদের উৎপাদিত পণ্যও এই অবাধ বাজারসুবিধা নিতে পারবে, পারবে রপ্তানি বাড়াতে। এসবের বাইরে আরও বিভিন্ন সুবিধার কথা আছে। তুলনামূলক সস্তায় কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির সুযোগ, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা, দেশীয় শিল্পখাতের দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন সাধন ইত্যাদি।যুক্তির যথার্থতা: যেসব যুক্তির মাধ্যমে এফটিএ করার প্রয়োজনীয়তাকে সমর্থন দেওয়া হচ্ছে, বর্তমান বাস্তবতায় সেসব যুক্তির যথার্থতা একটু পরীক্ষা করে দেখা দরকার। এ ক্ষেত্রে মনে রাখা দরকার যে ভারতের সঙ্গে এফটিএ করার বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০০২ সালে। প্রস্তাবটি ভারতের দিক থেকেই ছিল। সম্ভবত সেটাই মুক্তবাণিজ্য চুক্তি করার বিষয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক চিন্তার সূচনা। এরই জের ধরে ২০০৩ সালের মাঝামাঝিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ করার প্রাথমিক প্রক্রিয়া, মানে সম্ভাব্যতা যাচাই শুরু হয়। সে সময় এমনও বলা হয়েছিল যে নেপাল ও ভুটানের সঙ্গে আগে পরীক্ষামূলকভাবে এফটিএ করা যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞ মহল পরীক্ষামূলক পর্যায়ের প্রয়াসকে অযথা কালক্ষেপণ হিসেবে উল্লেখ করে সরাসরি চুক্তির কথা ভাবার পক্ষে মত দেন। তবে এফটিএ নিয়ে তোড়জোড় কার্যত স্থবির হয়ে পড়ে ২০০৪ সাল থেকে সাফটা নিয়ে আবার উৎসাহব্যঞ্জক তৎপরতা শুরু হলে। মজার বিষয় হলো, ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে সাফটার যাত্রা শুরু হলেও ভারত-পাকিস্তান রাজনৈতিক বিরোধের জের ধরে সাফটার গতি বাধাগ্রস্ত হয়। এর প্রায় দুই বছর পরে এসে আবার ভারতসহ বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে এফটিএ করার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন অনুভূত হয় বিভিন্ন কারণে। গত তত্ত্বাবধায়ক সরকার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ করার বিষয়ে কিছু কাজ করে। কিন্তু পরে স্পর্শকাতর ইস্যু ভেবে এ বিষয়ে আলোচনা থেকে বিরত থাকে। তাই প্রক্রিয়াটি প্রলম্বিত হয়ে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার কিছু দিন পর এফটিএর বিষয়টি নিয়ে নতুনভাবে তৎপরতা শুরু হয়।সমস্যা হলো, এই আট-নয় বছরে সময়ের সঙ্গে পরিস্থিতি ও প্রেক্ষিত অনেকটাই বদলে গেছে। বাংলাদেশ এফটিএর ক্ষেত্রে এখনো যেখানে পণ্যবাণিজ্যে জোর দিচ্ছে, সেখানে ভারতসহ অন্যরা এখন সেবা খাত ও বিনিয়োগে অনেক বেশি আগ্রহী। তাই সাফটায় সেবা খাত সম্পৃক্ত করা হয়েছে এবং এটা এখন পরিষ্কার যে শুধু পণ্যভিত্তিক এফটিএ নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। সে ক্ষেত্রে সেবা খাতের কথা গুরুত্ব দিয়েই ভাবতে হবে। এফটিএ করার প্রধান উদ্দেশ্য বাজার বাড়ানোর দিকটি দেখা যাক। ভারতের সঙ্গে এফটিএ করার মাধ্যমে সে দেশের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো গেলে তা নিঃসন্দেহে অনেক লাভজনক হতো। কিন্তু, সাফটার আওতায় ভারত বাংলাদেশকে অনেকগুলো পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। সাফটার স্পর্শকাতর পণ্যের তালিকায় এলডিসির (স্বল্পোন্নত দেশ) জন্য ভারতের পণ্য রয়েছে ৪৮০টি, যা ভারতের মোট আমদানিযোগ্য পণ্যের ১০ শতাংশের কম। এর মানে হলো এসব পণ্য ছাড়া বাকি সব পণ্যে বাংলাদেশ শুল্কমুক্তভাবে ভারতে রপ্তানি করতে পারে। এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্কমুক্ত ট্যারিফ অগ্রাধিকার কর্মসূচির (ডিএফটিপিএস) আওতায় ভারতের মোট আমদানিযোগ্য পণ্যের এবং এলডিসিগুলোর মোট রপ্তানিযোগ্য পণ্যের ৯০ শতাংশের বেশি এখন ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। এলডিসি হিসেবে বাংলাদেশও এই সুবিধার মধ্যে রয়েছে। সুতরাং, বলা যেতে পারে যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে উল্লেখযোগ্য বাজারসুবিধা দিয়ে দিয়েছে। আবার ভারত অনেকগুলো দেশ ও জোটের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করেছে। এর মধ্যে চলতি বছর থেকেই কার্যকর হয়েছে ভারত-আসিয়ান এফটিএ। বর্তমানে আসিয়ান-ভারত পণ্য বাণিজ্যের বার্ষিক পরিমাণ চার হাজার কোটি ডলার। তবে আসিয়ানের মোট বাণিজ্যে ভারতের অংশ মাত্র তিন শতাংশ। ১৮০ কোটি মানুষকে সম্পৃক্তকারী এই মুক্তবাণিজ্য চুক্তির আওতায় ২০১৬ সালের মধ্যে মোট চার হাজার পণ্যের আমদানি শুল্ক কমিয়ে শূন্য হারে নিয়ে আসা হবে। এ ছাড়া পণ্যের পাশাপাশি ভবিষ্যতে সেবা খাতকেও এফটিএর আওতায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। আবার ভারত চলতি বছরের শেষ নাগাদই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ বিষয়ে একটা সুরাহায় আসতে চাচ্ছে। অর্থাৎ ভারত যদি ইইউর সঙ্গে এফটিএ করতে সক্ষম হয়, তাহলে ভারতীয় পণ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ব্যাপক ভিত্তিতে শুল্কমুক্ত বাজারসুবিধা পাবে। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি নতুন প্রতিযোগিতার মুখে পড়বে। এই বাস্তবতায় বাংলাদেশে বিনিয়োগ করে ভারতীয়দের ইউরোপের বাজারে প্রবেশের বাড়তি সুযোগ নেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। একইভাবে ভারতের বাজারে প্রবেশের জন্যও এখানে বিনিয়োগের সম্ভাবনা অনেক কমে গেছে। কারণ, গত এক দশকে ভারতে যেভাবে বাণিজ্য উদারীকরণ করেছে, তাতে দেশটির আমদানির মৌলিক শুল্ক হার যথেষ্ট কমে এসেছে। প্রয়োজন এফটিএ নীতি: বোঝাই যাচ্ছে যে এফটিএর বিষয়টি বাংলাদেশ যে অবস্থা থেকে বিবেচনা শুরু করেছিল, এখন আর অবস্থা সেই পর্যায়ে নেই। যেমন বাংলাদেশের জন্য ভারতের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে বাধার মূল জায়গাটি এখন অশুল্ক। এই অশুল্ক প্রতিবন্ধকতা অপসারণের জন্য বছরের পর বছর ধরে বাংলাদেশ আলোচনা করছে। এতে কিছু ফলও মিলেছে। তবে তা যথেষ্ট নয়। কারণ, আইনিভাবেই ভারতের একাধিক সরকারি সংস্থা ও কর্তৃপক্ষ সে দেশে বিদেশি বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপের ক্ষমতা রাখে। আর তাই বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়ে, তা নিরসনে জটিলতা দেখা দেয়। সে কারণেই ভারতের সঙ্গে নিয়মিত আলোচনার ও দরকষাকষির একটি স্থায়ী ব্যবস্থা দরকার, যা হতে পারে এফটিএ। একইভাবে মালয়েশিয়ার সঙ্গে এফটিএর বিষয়টিও বৃহত্তর প্রেক্ষিতে বিবেচনা করা দরকার। মজার বিষয় হলো, মালয়েশিয়ার পক্ষ থেকেই প্রথম এফটিএ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ফলে পরীক্ষা-নিরীক্ষা করে এদিকে অগ্রসর হওয়ার কথা ভাবা যেতে পারে। এখানে যে বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার, তা হলো মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি। দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমজীবীরা কিছু দিন পরপরই নানা ধরনের ঝামেলার মধ্যে পড়েন। জনশক্তি-সম্পর্কিত সমস্যা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা এখনো আমরা গড়ে তুলতে পারিনি। আর তাই এফটিএ হতে পারে এ রকম একটি ব্যবস্থা। বস্তুত, বাংলাদেশের এখন একটি এফটিএ নীতিকাঠামো দাঁড় করানো জরুরি। এফটিএ-কে সীমিত পরিসরে বিবেচনা করে বৃহত্তর পরিসরে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে চিন্তা করার সুযোগ তৈরি হয়েছে।