মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে তৈরি মোটরবাইক
একাত্তরের উত্তাল ডিসেম্বরে সপ্তম নৌবহর যখন বঙ্গোপসাগরে ধেয়ে আসছিল, তখন ভারতীয় রণতরি ভিক্রান্ত জলসীমার পাহারায় ছিল। সেই ইতিহাসকে স্মরণ করেই রণতরি ভিক্রান্তের অংশ দিয়ে বানানো মোটরসাইকেল ‘বাজাজ ভি’ দেশের বাজারে আনল উত্তরা মোটরস ও বাজাজ মোটরসাইকেল।
আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই মোটরসাইকেল বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ১৫০ সিসির এই মোটরসাইকেলের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
অনুষ্ঠানে উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, এ দেশে মোটরসাইকেল খাতটি বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই খাতে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে অটোমোবাইল নীতিমালা করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শিগগিরই অটোমোবাইল নীতিমালা করা হবে। সরকার বেসরকারি খাতে শিল্পায়ন ত্বরান্বিত করতে সচেষ্ট রয়েছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ভারতীয় রণতরি আইএনএস-ভিক্রান্ত চট্টগ্রাম ও খুলনার জলসীমায় প্রতিরোধ করেছিল। তিনি বাজাজ মোটরসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুক্তিযুদ্ধের অংশ হিসেবে কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। আমি খুশি হয়েছি, মুক্তিযুদ্ধের কথা জায়গায় জায়গায় যাবে।’
বাজাজ ভি-১৫ মোটরসাইকেলটি তৈরি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর রণতরি ভিক্রান্তের ধাতব দিয়ে। ১৯৭১ সালে রণতরি ভিক্রান্ত মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনার জলসীমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০১২ সাল পর্যন্ত এটি মুম্বাইয়ের সামুদ্রিক জাদুঘরে সংরক্ষিত ছিল। পরে ২০১৪ সালে এই যুদ্ধজাহাজ ভেঙে ফেললে তখনই এর ধাতু দিয়ে বাজাজ ভি তৈরির সিদ্ধান্ত নেয় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ। রণতরিটির মাস্তুল ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোটরবাইক কেনেন ইসলামপুরের তরুণ ব্যবসায়ী মো. ইশতিয়াক হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিক্রান্ত সম্পর্কে ইন্টারনেটে আগেই জেনেছি। ইতিহাসের অংশ হয়ে থাকার জন্যই বাইকটা কেনা।’