মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৫ বছর ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী মুহিত বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে আছে-সম্মানী ভাতার হার বৃদ্ধি, চিকিৎসা ও রেশন প্রদান, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য কোটা সংরক্ষণ, মুক্তিযোদ্ধাভিত্তিক সংগঠনসমূহের জন্য মঞ্জুরি, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদান ইত্যাদি। এ ছাড়া, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রায় সব জেলা-উপজেলায় তৈরি করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে স্থাপন করা হয়েছে ৩২টি স্মৃতিস্তম্ভ, চলমান আছে আরও ২৮ টির কাজ। বধ্যভূমি ও গণকবরসমূহ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং পাঠাগার। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যেসব মুক্তিযোদ্ধা ৬৫ বছর অতিক্রম করেছেন তাদের সকলের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় নির্ধারণ করার প্রস্তাব করেছি।’