মুঠোফোন অ্যাপসে সম্ভাবনা

স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে দেশে বাড়ছে মুঠোফোনে উপযোগী অ্যাপ্লিকেশন বা অ্যাপসের ব্যবহার। চাহিদা থাকায় বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান এখন মুঠোফোন অ্যাপ্লিকেশন উন্নয়ন ও বাজারজাত করছে। মুঠোফোনে অ্যাপসের ব্যবহার বাড়াতে অপারেটররাও গুরুত্ব দেওয়ায় মাত্র চার বছরেই দেশে ১৫০ কোটি টাকার বেশি অ্যাপস বাজার তৈরি হয়েছে।
স্মার্টফোনে কমপক্ষে তিন ক্লিকে নানা ধরনের তথ্যসেবা পেতে যে সফটওয়্যার ব্যবহৃত হয়, তাকেই অ্যাপস বা অ্যাপ্লিকেশন বলে। সরকারি-বেসরকারি নানা সেবা ও তথ্যের জন্য এসব অ্যাপস শুরুতে হ্যান্ডসেট কোম্পানিগুলোই তৈরি করে স্মার্টফোনের সঙ্গে জুড়ে দিত। এখনো কিছু অ্যাপস স্মার্টফোনে আগে থেকেই প্রবেশ করানো থাকে। আর কিছু অ্যাপস অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের প্লে স্টোর, অ্যাপলের আইফোনের জন্য অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
বাংলাদেশে সফটওয়্যারের ব্যবসা নতুন না হলেও মুঠোফোন অ্যাপস তৈরি এবং এর ব্যবসার ধারণাটি একেবারেই নতুন। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে ২৫ কোটি মার্কিন ডলারের সফটওয়্যার রপ্তানি হয়। এর মধ্যে মুঠোফোন অ্যাপসভিত্তিক সফটওয়্যারের অবদান ৮ শতাংশ। ২০০৯ সালেও দেশের সফটওয়্যার রপ্তানিতে মুঠোফোন অ্যাপসের কোনো অবদান ছিল না।
সম্ভাবনাময় হওয়ায় বেসিসের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ১০০টি প্রতিষ্ঠান এখন শুধু মুঠোফোন অ্যাপস তৈরির কাজ করছে। এ ছাড়া আরও ১০০ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান আছে, যাদের মুঠোফোন অ্যাপসভিত্তিক সফটওয়্যার তৈরির ক্ষমতা রয়েছে। এর বাইরে ব্যক্তিপর্যায়ে অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপস তৈরি করছেন।
সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ইথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) এখন দেশের অন্যতম বৃহৎ মুঠোফোন অ্যাপস নির্মাতাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে ‘মোবাইল অ্যাপ’ স্টোর। এতে আছে কৃষি, বাণিজ্য, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, জীবনধারা, সংবাদ ও পর্যটনবিষয়ক অর্ধশতাধিক অ্যাপ। দেশের প্রায় সব মুঠোফোন অপারেটরের জন্যও বিশেষ অ্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। মুঠোফোন অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল, বিআরটিসির বাসের অবস্থান জানাসহ সরকারের জন্য ৫০০ মুঠোফোনভিত্তিক অ্যাপস বর্তমানে তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান প্রথম আলোকে বলেন,‘মাত্র তিন বছরেই দেশের মুঠোফোন অ্যাপসের বাজারে যে উন্নতি হয়েছে, সেটি এককথায় অভূতপূর্ব। যেভাবে এগোচ্ছে, তাতে আগামী চার বছরে শুধু এ খাত থেকেই সফটওয়্যার রপ্তানি আয়ের সিংহভাগ আসতে পারে।’ তিনি আরও বলেন, একটা বা দুটো বিশ্বমানের অ্যাপস বিক্রি করেই শত কোটি ডলারের বেশি আয় সম্ভব। যুগের চাহিদার কথা মাথায় রেখে এখন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশলের মতো বিষয়গুলোর পাঠ্যক্রমে মুঠোফোন অ্যাপস বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে বিভিন্ন অ্যাপস প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতার মাধ্যমে অনেকে তরুণ উঠে আসছেন, যাঁদের দক্ষতা বিশ্বমানের।
অ্যাপস তৈরির জন্য ২০১৬ সালের মধ্যে দেশে ১০ লাখ অ্যাপস ডেভেলপার তৈরির একটি উদ্যোগ নিয়েছে সরকার। জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের কারিগরি সহায়তায় ‘মিলিয়ন অ্যাপস ডেভেলপারস’ বা ‘ম্যাড’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডক্যাম্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ কার্যক্রমের আওতায় ২০১৩ সাল থেকে চলমান এ কার্যক্রমের মাধ্যমে দেশের আইসিটি স্নাতক, তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের অ্যাপসবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অ্যাপসের উন্নয়ন ও ব্যবহার বাড়াতে মুঠোফোন অপারেটররাও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ২০০৮ সালে ‘আলো আসবেই’ নামে দেশে প্রথম অ্যাপস তৈরির প্ল্যাটফর্ম চালু করে গ্রামীণফোন। ‘জিপি স্টোর’ নামে আরেকটি প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে দেশীয় ডেভেলপারদের তৈরি অ্যাপস সেবা দিচ্ছে গ্রামীণফোন। ২০১৪ সালের ডিসেম্বরে মুঠোফোন অপারেটর রবি ‘বিডিঅ্যাপস’ নামে মুঠোফোনভিত্তিক একটি অ্যাপস স্টোর চালু করেছে। দেশের ডেভেলপারদের তৈরি অ্যাপস যাতে গ্রাহকেরা সহজেই পেতে পারেন, সে জন্য উদ্যোগটি নেয় রবি।
এসব স্টোরের মাধ্যমে অ্যাপস ডেভেলপাররা তাঁদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন এবং নতুন ডেভেলপাররা অ্যাপসের গ্রহণযোগ্যতা যাচাই করার সুযোগ পান। অ্যাপস স্টোরটি থেকে অর্জিত আয় অপারেটর ও অ্যাপস ডেভেলপার—দুই পক্ষের মধ্যে সমানভাবে ভাগ হয়। ডেভেলপারদের সহায়তা করার পাশাপাশি নতুন কোনো ধারণাকে কাজে লাগিয়ে তা কার্যকর পণ্যে পরিণত করতে সহায়তা করছে অপারেটররা। ‘বাংলালিংক মেলা’ নামে এমন একটি একটি অ্যাপস স্টোর আছে আরেক অপারেটর বাংলালিংকের।
২০০৯ সাল থেকে দেশে মুঠোফোন অ্যাপ্লিকেশন তৈরি করছে মাল্টিমিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড কনটেন্ট (এমসিসি) লিমিটেড। ফায়ারফক্স স্মার্টফোনের বাংলা অ্যাপ, বাংলা ডিকশনারি, রমজানের সময়সূচি, দেশের বিভিন্ন রেস্তোরাঁর তথ্যসমৃদ্ধ বাংলা অ্যাপ্লিকেশনসহ ৫০টির বেশি মুঠোফোন অ্যাপস এ প্রতিষ্ঠানটি তৈরি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপস তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেসিসের অন্যতম পরিচালক এস এম আশ্রাফ আবির বলেন, আগামী দিনের সফটওয়্যার ব্যবসা হতে যাচ্ছে মুঠোফোন অ্যাপস, ই-কমার্স ও গেমসকেন্দ্রিক। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারি, তাহলে শুধু মুঠোফোন অ্যাপস রপ্তানি থেকেই আগামী তিন বছরে ১০০ কোটি ডলার আয় করা সম্ভব।
তবে এ ক্ষেত্রে কিছু সমস্যার কথা বলছেন এ খাতের উদ্যোক্তারা। গুগলের অ্যাপস স্টোর গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড থেকে অর্থ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটির স্বীকৃতি পেতে হয়। বাংলাদেশের স্বীকৃতি না থাকায় এদেশীয় সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান বা স্বাধীন ডেভেলপাররা অ্যাপস আপলোড করে কোনো অর্থ পান না। এ জন্য অ্যাপসের বিশ্ববাজারটিতে প্রবেশেই বাধার মুখে পড়তে হচ্ছে এদেশীয় উদ্যোক্তাদের।
আবার গুগল প্লে স্টোরে বিনা মূল্যে অ্যাপস আপলোড করতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৫ ডলার দিয়ে নিবন্ধন করতে হয়। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করতে অনেক ধরনের শর্তের কারণে একজন ডেভেলপারের পক্ষে এ অর্থ দিয়ে নিবন্ধন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সফটওয়্যার খাতের জন্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ছাড়াই ৩০০ মার্কিন ডলার পর্যন্ত লেনদেনের সুযোগ করে দিতে একটি নির্দেশনা জারি করেছে। তবে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক ব্যাংক এ নির্দেশনা বাস্তবায়ন করেনি। ফলে গুগলে নিবন্ধন করার সুযোগবঞ্চিত হচ্ছেন অ্যাপস তৈরিকারীরা।
তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, মুঠোফোন অ্যাপসের ২ হাজার ৫০০ কোটি ডলারের বিশ্ববাজার রয়েছে। অ্যাপস তৈরির মাধ্যমে আয়ের দিক থেকে শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাজ্য।