মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ বেড়েছে
চলতি বছরের প্রথম তিন মাস টানা কমার পর এপ্রিলে দেশে মুঠোফোনের সংযোগ ১১ লাখ বেড়েছে। এ মাসে মুঠোফোনের সংযোগ বেড়ে ১৩ কোটি ১৯ লাখে উন্নীত হয়েছে। আগের মাস মার্চে এই সংখ্যা ছিল ১৩ কোটি ৮ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৮ লাখ বেড়ে ৬ কোটি ২০ লাখ হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যানে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের এ তথ্য উঠে এসেছে। বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়া শুরুর পর এ বছরের জানুয়ারি থেকেই সক্রিয় সিমের সংখ্যা কমতে শুরু করে।
বিটিআরসির তথ্য অনুযায়ী এপ্রিলে সবচেয়ে বেশি (৭ লাখ) সংযোগ বেড়েছে গ্রামীণফোনের। মার্চে অপারেটরটির মোট সংযোগ ছিল ৫ কোটি ৬২ লাখ, যা এপ্রিলে বেড়ে ৫ কোটি ৬৯ লাখ হয়েছে। গ্রাহকসংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকের সংযোগসংখ্যা একই সময়ে ৩ কোটি ১৯ লাখ থেকে ২ লাখ বেড়ে হয়েছে ৩ কোটি ২১ লাখ। একই সময়ে রবি আজিয়াটার সংযোগ ২ লাখ বেড়ে ২ কোটি ৭৬ লাখ হয়েছে। সরকারি অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা ১ লাখ বেড়ে হয়েছে ৪৩ লাখ।
জানতে চাইলে গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, ‘আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের শুরুতে কিছুটা কমলেও এখন আমাদের নেটওয়ার্কে গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।’
তবে একই সময়ে এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৫৮ হাজার কমে ১ কোটি ১ লাখ ৩ হাজারে নেমে এসেছে। আর দেশের সবচেয়ে পুরোনো অপারেটর সিটিসেলের সংযোগসংখ্যা ৭ লাখ ৯৯ হাজার থেকে ৩১ হাজার কমে ৭ লাখ ৬৮ হাজার হয়েছে।
ইন্টারনেট সংযোগ: এপ্রিলে ইন্টারনেট সংযোগ ৬ কোটি ১২ লাখ থেকে ৮ লাখ বেড়ে ৬ কোটি ২০ লাখ হয়েছে। এর মধ্যে মুঠোফোনভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ বেড়ে ৫ কোটি ৮৬ লাখ আর আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটে সংযোগ ১ লাখ বেড়ে ৩২ লাখ হয়েছে।