দেশে বর্তমানে সম্পূর্ণ তৈরি একটি মুঠোফোন আমদানি করতে ২২ শতাংশ হারে শুল্ক কর দিতে হয়। অন্যদিকে, সংযোজন শিল্পের জন্য মুঠোফোনের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে গড়ে ৩৭ শতাংশ শুল্ক কর দিতে হয়। অর্থাৎ দেশে উৎপাদন বা সংযোজনের চেয়ে সরাসরি আমদানি করে মুঠোফোন বিক্রি করাই বেশি লাভজনক। করহারের এ বৈষম্য না কমলে দেশে কখনোই মুঠোফোন উৎপাদন শিল্প গড়ে উঠবে না।
এমন মতামত উঠে এসেছে টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) এক সেমিনারে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
তারানা হালিম বলেন, সবার হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এ খাতের বিদ্যমান করকাঠামো প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই বিদ্যমান করকাঠামো পুনর্বিবেচনা করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘মোবাইল ফোন আনতে ২২ শতাংশ কর দিতে হয়, আর তৈরি করার জন্য যন্ত্রপাতি আনলে খরচ হয় ৩৭ শতাংশের বেশি। যাঁরা মুঠোফোনের যন্ত্রাংশ আমদানি করেন, তাঁরা দ্রুত এ বিষয়ে আবেদন করেন, যেখানে যা প্রয়োজন আমরা করব।’
সেমিনারে মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব ও মহাসচিব রেজওয়ানুল হক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার লুৎফর রহমান, বিটিআরসির মহাপরিচালক নাসিম পারভেজ, মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের প্রতিনিধি ও গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান বক্তব্য দেন। এ ছাড়া বিটিআরসির সচিব সরওয়ার আলমসহ খাত-সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।