
মুঠোফোন সেবা নিয়ে গ্রাহক হিসেবে আপনার কোনো অভিযোগ থাকলে প্রস্তুত হোন। আগামী ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা ও মুঠোফোন অপারেটরদের সামনেই আপনি আপনার অভিযোগ তুলে ধরতে পারবেন। তাৎক্ষণিকভাবে কিছু কিছু সমস্যার সমাধান সেদিনই মিলতে পারে।
টেলিযোগাযোগ সেবার বিষয়ে গ্রাহকদের মতামত জানতে গণশুনানি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২২ নভেম্বর এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, চলতি অক্টোবরেই এ শুনানি হওয়ার কথা ছিল। তবে কমিশনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিদেশ সফরে থাকায় গণশুনানির তারিখ পেছানো হয়েছে। স্থান চূড়ান্ত করার পর শিগগির শুনানিতে অংশ নেওয়ার নিয়ম গ্রাহকদের জানানো হবে।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, ‘গণশুনানিতে টেলিযোগাযোগ সেবার প্রকৃত অবস্থা আমরা গ্রাহকদের মুখ থেকে শুনতে চাই। এতে বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এর ফলে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধান হবে। আবার এখান থেকে পাওয়া গ্রাহকদের পরামর্শ ভবিষ্যতে সেবার মান বাড়াতে কাজে লাগানো হবে।’
মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি গণশুনানির আয়োজন করে বিটিআরসি। এর আগে ২০১৪ সালে গ্রাহকসেবার মানের বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হয়। ওই নীতিমালার ভিত্তিতে গত বছরের আগস্টে দেশের ১০০টি স্থানে গ্রাহকসেবার মান পরীক্ষায় একটি সমীক্ষাও চালায় বিটিআরসি।
এ মাসে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (এসএটিআরসি) সম্মেলনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রাহকসেবার সর্বোচ্চ মান অর্জনে যেসব সূচক আছে, বাংলাদেশ তার ৫০ শতাংশ ক্ষেত্রে ভালো করেছে। ভালো করা সূচকের মধ্যে আছে বিভিন্ন সেবার মান উন্নয়ন, নেটওয়ার্ক সম্প্রসারণ হার, সময়মতো মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়া ইত্যাদি। তবে সেবার মান নিরীক্ষা, গ্রাহক সন্তুষ্টির বিষয়ে জরিপ, আন্তসংযোগ প্রতিবেদনের মতো কয়েকটি সূচকে বাংলাদেশের উন্নতি করার সুযোগ রয়েছে।