মুঠোফোন বাজার দখল করছে চীনা ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: বিএমপিআইএ
সূত্র: বিএমপিআইএ

বিশ্ববাজারের মতো বাংলাদেশের মুঠোফোন বাজারেও বাড়ছে চীনা ব্র্যান্ডের আধিপত্য। বিশেষ করে স্মার্টফোনের বাজারে চীনের ব্র্যান্ডগুলোর এ বছর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে দেশীয় কয়েকটি ব্র্যান্ডের বিক্রিও বেশ ভালো। সব মিলিয়ে চলতি বছরেও চাঙাভাব ধরে রেখেছে মুঠোফোনের বাজার।
মুঠোফোন আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় কয়েকটি ব্র্যান্ড ও স্যামসাংয়ের বাইরে বাজারে আগে থেকেই চীনের তৈরি মুঠোফোনের একটি প্রাধান্য ছিল। এর সঙ্গে এখন যোগ হয়েছে হুয়াওয়ে, ওপো, এইচটিসি, শাওমির মতো প্রতিষ্ঠিত কয়েকটি চীনা ব্র্যান্ড। সাশ্রয়ী মূল্য ও ব্র্যান্ডের নিশ্চয়তা থাকায় ক্রেতারা এসব মুঠোফোন কিনতে আগ্রহী হচ্ছেন। ব্যবসায়ীদের হিসাবে স্মার্টফোন ও সাধারণ ফোন মিলিয়ে ২০১৫ সালে দেশের বাজারে আড়াই কোটি মুঠোফোন বিক্রি হয়েছিল। এ বছর সেটি ৩ কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ এ বছর মুঠোফোন বাজার ২০ শতাংশ বেড়েছে।
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে বিক্রি হওয়া ৩ কোটি ইউনিট মুঠোফোনের মধ্যে স্মার্টফোন বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি। অর্থাৎ বিক্রি হওয়া ফোনের মধ্যে স্মার্টফোনের পরিমাণ ২৬ থেকে ২৭ শতাংশ। ২০১৫ সালে বিক্রি হওয়া আড়াই কোটি ফোনের মধ্যে স্মার্টফোন ছিল ৬০ লাখ।
তবে আর্থিক মূল্যের ভিত্তিতে বাজারের দুই-তৃতীয়াংশের জোগান আসছে স্মার্টফোনের বিক্রি থেকে। বিএমইপিআইয়ের হিসাবে, স্মার্টফোন ও সাধারণ ফোন মিলিয়ে বর্তমানে বাজারের আকার ৭ হাজার কোটি টাকার। এর মধ্যে স্মার্টফোনের বাজার ৫ হাজার কোটি টাকার। ২০১২ সালে দেশে স্মার্টফোনের বিক্রি শুরুর পর সে বছর বিক্রি ছিল ৩ লাখ ইউনিট। পরের চার বছরে তা প্রায় ২৭ গুণ বৃদ্ধি পেয়ে ৮০ লাখ ছাড়িয়ে গেছে।
স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে এ বছর দেশের বাজারে সবচেয়ে ভালো করেছে চীনের হুয়াওয়ে। এ বছর স্মার্টফোন বিক্রিতে একমাত্র এ প্রতিষ্ঠানটির ১০০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ এক বছরেই হুয়াওয়ের বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের হিসাবে স্মার্টফোন বিক্রির হিসাবে এখন হুয়াওয়ের দখলে আছে বাজারের ১৪ দশমিক ৫ শতাংশ , আর্থিক মূল্যের হিসাবে যা ১৯ শতাংশ।
হুয়াওয়ে বাংলাদেশের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং বলেন, সেটের মান উন্নয়নে ক্রমাগত গবেষণা, উচ্চতর প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের কারণে বাংলাদেশে হুয়াওয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
দেশে এ বছর আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হওয়া চীনা ব্র্যান্ড শাওমি ও এইচটিসিও খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বাজারে। এ ছাড়া ওপো, লাভার মতো ব্র্যান্ডগুলোও বেশ ভালো চলছে। স্মার্টফোন শ্রেণিতে চীনা ব্র্যান্ডগুলোর সম্মিলিত বাজার হিস্যা এখন ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।
চীনা ব্র্যান্ডের এমন আধিপত্যের মধ্যেও বিক্রি ও আয়ের হিসাবে এখনো শীর্ষে রয়েছে দেশীয় ব্র্যান্ড সিম্ফনি। সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে সিম্ফনির বিভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে কিনতে পাওয়া যায়। তবে সিম্ফনির ৫–১০ হাজার টাকা মূল্যের স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি।
সিম্ফনির বিপণন পরিচালক আশরাফুল হক বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রয়ক্ষমতা ও চাহিদার বিষয়টি মাথায় রেখে বাজারজাত করায় সিম্ফনির জনপ্রিয়তা বেশি।
সিম্ফনির পরে স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। বিক্রির হিসাবে পিছিয়ে থাকলেও বেশি দামের সেটের কারণে বাজারে ভালোর অবস্থানে আছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি নোট মডেলের কারণে বিশ্ববাজারে বড় ধরনের সংকটে পড়লেও বাংলাদেশে ব্যবসাতে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান স্যামসাং বাংলাদেশের এক কর্মকর্তা।
স্মার্টফোন ব্যবহার প্রবৃদ্ধিতে অখুশি অপারেটররা: বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্মার্টফোনের ব্যবহার ও বাজার বাড়াতে দেশের মুঠোফোন অপারেটররাও বেশ গুরুত্ব দিচ্ছে। তবে বাজার প্রবৃদ্ধি নিয়ে অপারেটররা খুব একটা সন্তুষ্ট নয়। ২০১৩ সালে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তি চালু করার পর স্মার্টফোনের ব্যবহার বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয় অপারেটররা। গ্রামীণফোন, রবি, বাংলালিংক নিজেদের মতো করে স্মার্টফোন বিপণনের কাজ করছে। অপারেটরদের হিসাবে বর্তমানে ২৪ থেকে ২৫ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন আছে।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রথম আলোকে বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে মানুষের হাতে স্মার্টফোন পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ। এ জন্য বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তার করা হয়েছে, কিন্তু সে তুলনায় স্মার্টফোনের প্রবৃদ্ধি সন্তোষজনক নয়।
থ্রিজির নেটওয়ার্কের তুলনায় দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার না বাড়ার বিষয়টি মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর গবেষণাতেও উঠে এসেছে। জিএসএমএর হিসাবে থ্রিজি প্রযুক্তির ব্যবহার সক্ষমতার ৭০ শতাংশই বাংলাদেশে ব্যবহার হচ্ছে না। দেশের মোট জনগোষ্ঠীর ৮ শতাংশ বা ১ কোটি ৩৮ লাখ লোক বর্তমানে থ্রিজি প্রযুক্তি ব্যবহার করছেন।
কমছে না অবৈধ আমদানি: দেশি-বিদেশি সব ব্র্যান্ডের জন্য বড় সমস্যা হলো অবৈধভাবে আমদানি করা মুঠোফোন। অবৈধভাবে আমদানি হওয়া ও অনুমোদনহীন মুঠোফোন বিক্রির বাজারকে বলা হয় ‘গ্রে মার্কেট’। বিএমপিআইয়ের হিসাবে, বর্তমানে মোট বাজারের ২০ থেকে ২৫ শতাংশ গ্রে মার্কেটের দখলে রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই হাজার কোটি টাকার বেশি।
খাতসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রে মার্কেটে তিন ধরনের মুঠোফোন পাওয়া যায়। প্রথম ধরনের হ্যান্ডসেটগুলো একেবারে নতুন ও আসল। দ্বিতীয় ধরনের হ্যান্ডসেটগুলো ব্যবহৃত, তবে নতুন বলে বিক্রি করা হয়। আর তৃতীয় ধরনের হ্যান্ডসেটগুলো একেবারেই নকল। বিদেশ থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে নানাভাবে এসব মুঠোফোন দেশে আনা হয়। এই তিন প্রকারের মুঠোফোনের কোনোটিতেই বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকে না।
সংযোজনের চেয়ে লাভজনক আমদানি: কর হারে বৈষম্যের কারণে চাহিদা থাকার পরেও দেশে মুঠোফোন সংযোজন কারখানা গড়ে উঠছে না। একটি সম্পূর্ণ মুঠোফোন দেশে আমদানিতে শুল্ক, কর ও মূল্য সংযোজন কর মিলিয়ে মোট ২৪ শতাংশ কর দিতে হয়। আর যন্ত্রাংশ আমদানি করে একটি মুঠোফোন সংযোজন করতে গড়ে কর দিতে হয় ৪০ শতাংশ।
বিএমপিআইয়ের মহাসচিব রেজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, একটি সম্পূর্ণ ফোন আমদানি করতে যে খরচ পড়ে সে তুলনায় যন্ত্রাংশ আমদানি করে সংযোজনের খরচ অনেক বেশি। এমন করবৈষম্য থাকলে দেশে কারখানা গড়ে উঠবে না।