মুঠোফোন ব্যাংকিংয়ে সবাইকে সুযোগ দিতে হবে

মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন (এমএফএস) সেবার মাধ্যমে চার-পাঁচ বছরে দেশে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পেলেও সেবাটি নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক প্রতিষ্ঠান। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হলে এমএফএস সেবাকে শুধু ব্যাংকের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের এমএফএস নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন এনে আগ্রহী অন্য প্রতিষ্ঠানগুলোকে এ সেবা দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, বাজার প্রতিযোগিতাও নিশ্চিত হবে।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মতামত ব্যক্ত করেছেন বহুজাতিক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লিন আইজেনহার্ট। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে এমএফএস সেবার ব্যবহার, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, বাজার সমস্যা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লিন আইজেনহার্ট বলেন, ‘আমরা মনে করি ব্যাংকের পাশাপাশি এ সেবা দিতে আগ্রহী অন্য প্রতিষ্ঠান যাতে এমএফএস সেবার বাজারে আসতে পারে বাংলাদেশ ব্যাংককে এমন একটি উপায় বের করতে হবে। এ জন্য প্রয়োজনে নীতিমালা সংশোধন করতে হবে।’
বাংলাদেশে এক বছরে এমএফএস সেবার বাজার ও আর্থিক অন্তর্ভুক্তি কতটুকু বেড়েছে সেটি বের করতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে একটি গবেষণাও করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনসাইট। সম্প্রতি প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৩৭ থেকে ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩ শতাংশ হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এ সময় এমএফএস সেবা সবচেয়ে বেশি অবদান রেখেছে। তবে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের ৮২ শতাংশ সম্পন্ন হচ্ছে শুধু একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।
লিন আইজেনহার্ট এ বিষয়ে বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পেলেও এ ক্ষেত্রে আরও উন্নতি করার যথেষ্ট সুযোগ হয়েছে। এসব বিষয় নিয়ে বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমরা কাজ করছি। বাজারে প্রতিযোগিতা বাড়াতে করণীয় নিয়ে ইতিমধ্যে বেশ কিছু সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।’
বাংলাদেশে এমএফএস সেবার ৯৬ শতাংশ লেনদেন এখনো টাকা তোলা ও পাঠানোর মধ্যে সীমাবদ্ধ। মোট লেনদেনের ৭০ শতাংশের বেশি এজেন্টের মাধ্যমে সম্পন্ন হয়। আর্থিক লেনদেনে এজেন্ট নির্ভরতার বিষয়ে লিন আইজেনহার্ট বলেন, এ জন্য নিয়ন্ত্রক সংস্থা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। মানুষ যাতে নিজের হিসাব ব্যবহার করে লেনদেনে উৎসাহী হয় সে জন্য সচেতনতা তৈরি করতে হবে। স্বল্প আয়ের মানুষেরা যাতে সহজেই এমএফএস হিসাব খুলতে পারে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশের প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় হিসাব খোলার সামর্থ্য নেই। তাদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহজে হিসাব খুলতে পারার বিষয়টি গুরুত্বপূর্ণ।
এজেন্টভিত্তিক লেনদেনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়ে জানতে চাইলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আইজেনহার্ট বলেন, এ ধরনের লেনদেনে ঝুঁকির বিষয়টি অস্বীকার করার উপায় নেই। একটি সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে কী ধরনের লেনদেন হচ্ছে সেটি দেখার দায়িত্ব প্রথমত ওই প্রতিষ্ঠানের, এরপর নিয়ন্ত্রক সংস্থার। অনলাইনভিত্তিক গ্রাহক সম্পর্কিত তথ্য জানার ব্যবস্থা (ইকেওয়াইসি) এ ধরনের লেনদেন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।