মুঠোফোন সংযোগ আবার বাড়তে শুরু করেছে
আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়ার ধাক্কা সামলে মুঠোফোনের সংযোগ আবার বাড়তে শুরু করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মুঠোফোনের সংযোগ বেড়েছে ১৬ লাখ ৪১ হাজার। একই সময়ে ইন্টারনেট সংযোগের সংখ্যাও ১ লাখ বেড়েছে।
বায়োমেট্রিক সিম পুনর্নিবন্ধনের প্রক্রিয়া শেষ হওয়ার পর ২০১৬ সালের আগস্টে সক্রিয় মুঠোফোন সংযোগের সংখ্যা ১১ কোটি ৭৭ লাখে নেমে আসে। এই সংখ্যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৩ কোটি ২৬ লাখ। অর্থাৎ, ছয় মাসের ব্যবধানে সক্রিয় সংযোগ দেড় কোটি কমে যায়। আগস্টের পরে দুই মাসে সংযোগের সংখ্যা ৩০ লাখ বেড়ে বর্তমানে ১২ কোটি ৭ লাখ ২৮ হাজারে দাঁড়িয়েছে।
গত অক্টোবর পর্যন্ত মুঠোফোন সংযোগের সংখ্যা সবচেয়ে বেড়েছে গ্রামীণফোনের। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ৭ লাখ বেড়ে গ্রামীণফোন সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ লাখ। এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া রবির সংযোগ অক্টোবরে ৫ লাখ ৯৩ হাজার বেড়ে হয়েছে ২ কোটি ৪৪ লাখ। একই সময়ে এয়ারটেলের সংযোগ ৫৩ হাজার কমে ৭৭ লাখ ২৫ হাজার হয়েছে। একীভূত হলেও রবি ও এয়ারটেলের গ্রাহকসংখ্যা এখনো আলাদা করেই প্রকাশ করছে বিটিআরসি। অক্টোবরে বাংলালিংকের সংযোগের সংখ্যা ৫ লাখ বেড়ে ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার হয়েছে। সরকারি অপারেটর টেলিটকের সংযোগ অক্টোবরে ১ লাখের বেশি কমে ২৮ লাখ ৬০ হাজার হয়েছে। সেপ্টেম্বরের মতো অক্টোবরেও সিটিসেলের সংযোগের সংখ্যা প্রকাশ করেনি বিটিআরসি।
ইন্টারনেট সংযোগ
অক্টোবরে দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৬৯ লাখ হয়েছে। এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মুঠোফোনভিত্তিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এ সময় মুঠোফোনে ইন্টারনেট সংযোগ ৬ কোটি ২৯ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৩০ লাখ হয়েছে।