মুঠোফোন সিম কমেছে ১৩ লাখ
দেশে চালু মুঠোফোন সিম বা সংযোগের সংখ্যা চলতি বছরের জুনে ১৩ লাখ কমে গেছে। জুন পর্যন্ত চালু থাকা সক্রিয় সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ। গত মে মাসে এ সংখ্যা ছিল ১৩ কোটি ২৬ লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে মুঠোফোন সিমের এ চিত্র পাওয়া গেছে।
তবে মুঠোফোন সংযোগের এ সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ গত ৩১ মে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, এ প্রক্রিয়ায় ছয় অপারেটরের মোট ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন না হওয়া দেড় কোটির বেশি সিম বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়। সে অনুযায়ী, দেশে এখন সক্রিয় মুঠোফোন সংযোগের সংখ্যা ১২ কোটির বেশি হওয়ার সুযোগ নেই।
বিটিআরসির জুন মাসে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গ্রামীণফোনের সক্রিয় সংযোগ সংখ্যা ৫ কোটি ৭৩ লাখ থেকে ৪ লাখ কমে ৫ কোটি ৬৯ লাখ হয়েছে। একই সময়ে বাংলালিংকের সংযোগ সংখ্যা ৩ কোটি ২২ লাখ থেকে কমে ৩ কোটি ১৯ লাখ, রবি আজিয়াটার সংযোগ ২ কোটি ৭৭ লাখ থেকে কমে ২ কোটি ৭৪ লাখ হয়েছে। এ ছাড়া এয়ারটেলের সংযোগ সংখ্যা ৩ লাখ কমে ৯৮ লাখ ও সিটিসেলের সংযোগ সংখ্যা ৭ লাখ ৩৫ হাজার থেকে কমে ৭ লাখ হয়েছে।
বেসরকারি সব অপারেটরের সংযোগ সংখ্যা কমলেও সরকারি অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা ৪৪ লাখ ৬৩ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৪৪ লাখ ৯০ হাজার হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে টেলিটকের ২০ লাখের বেশি সিম নিবন্ধিত হয়নি বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি সূত্রে জানা গেছে।
এদিকে জুন মাসে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ থেকে ১ লাখ কমে ৬ কোটি ৩২ লাখ হয়েছে। সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির নিয়ম হলো, ৯০ দিনের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন।