মুঠোফোন সেবার মানোন্নয়নে যন্ত্রপাতি কিনবে বিটিআরসি
দেশে মুঠোফোন সেবার মান উন্নয়নে বিভিন্ন যন্ত্রপাতি ও পরিষেবা কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এসব যন্ত্রপাতি দিয়ে মুঠোফোনের বিভিন্ন প্রযুক্তিগত সেবা ও কার্যক্রমের মান পরিমাপ ও পর্যবেক্ষণ করা হবে। এগুলো ব্যবহার করে মুঠোফোনে কলড্রপ, কল কার্যকরের সময়, কলের স্থায়িত্ব, কারিগরি ত্রুটির প্রকৃত অবস্থা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এ ব্যাপারে ফিনল্যান্ডের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান অ্যানাইট ফিনল্যান্ডের সঙ্গে গত বৃহস্পতিবার একটি চুক্তি করেছে দেশীয় নিয়ন্ত্রক সংস্থাটি।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ ও অ্যানাইট ফিনল্যান্ডের পরিচালক সিদ্ধার্থ দাস নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।
বিটিআরসির সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।