মুঠোফোন সেবার শুল্ক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ মেয়াদের রাজস্ব আদায় বাড়াতে হলে মুঠোফোনভিত্তিক সেবার ওপর সম্পূরক শুল্ক ও সারচার্জ পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
টেলিযোগাযোগ খাত নিয়ে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন অ্যামটবের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব টি আই এম নুরুল কবীর ছাড়াও ছয় মুঠোফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিআইএম নুরুল কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। অথচ এনবিআরের কর আদায় ব্যবস্থাপনা এর সম্পূর্ণ বিপরীত। সকাল-বিকেল যেভাবে এসআরও জারি করে টেলিযোগাযোগ খাতের ওপর করের বোঝা চাপানো হচ্ছে, সেটা একেবারে স্বেচ্ছাচারিতার পর্যায়ে চলে গেছে।
এনবিআরের কর আদায় ব্যবস্থাপনাকে পুরোপুরি ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে নুরুল কবীর আরও বলেন, উচ্চ করের বোঝা এ দেশে ব্যবসা পরিচালনা করতে ও নতুন বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে টেলিযোগাযোগ খাতের সার্বিক প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৪ শতাংশ। এ সময়ে অতিরিক্ত কর হার বাড়ানো হয়েছে ৪ শতাংশ। এ খাতের করপোরেট কর হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ, মূল্য সংযোজন কর বিরোধ নিয়ে আপিলের ক্ষেত্রে মোট কর দায়ের আগাম জমা ৫০ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ১০ শতাংশ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।