মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা আনল ডি-মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা দিতে ডি-মানি ও উদ্দীপন এনার্জির মধ্যে গত রোববার একটি চুক্তি হয়। ডি-মানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর বশির ও উদ্দীপন এনার্জির চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী এই চুক্তিতে সই করেন। এ সময় ডি-মানির পরিচালনা পর্ষদের সদস্য সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন
প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা দিতে ডি-মানি ও উদ্দীপন এনার্জির মধ্যে গত রোববার একটি চুক্তি হয়। ডি-মানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর বশির ও উদ্দীপন এনার্জির চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী এই চুক্তিতে সই করেন। এ সময় ডি-মানির পরিচালনা পর্ষদের সদস্য সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন

প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা দিতে ‘ডি-মানি’ নামের একটি প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ প্রতিষ্ঠান বাজারে এসেছে। মুঠোফোনভিত্তিক এ সেবায় নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।
ডি-মানির সঙ্গে এ কাজে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে উদ্দীপন এনার্জি নামের আরেকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির মধ্যে গত রোববার এ বিষয়ক চুক্তি হয়। ডি-মানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরেফ আর বশির ও উদ্দীপনের চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
ডি-মানির পরিচালনা পর্ষদের সদস্য ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘বাংলাদেশের নারীদের নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য সব সময়ই কাজ করেছি। ডি-মানি দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রভাবক হিসেবে কাজ করবে। এ সেবা দিতে সম্পূর্ণ দেশে তৈরি সফটওয়্যার তৈরিতে আমরা বিনিয়োগ করেছি। দেশের বাইরেও এ সেবাকে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে আমাদের।’
সোনিয়া বশির কবির আরও জানান, সারা দেশে সেবাটি দেওয়ার জন্য ডি-মানি ইতিমধ্যেই ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। সেবাটির বিভিন্ন দিক সম্পর্কে মানুষকে জানাতে বিপণন কার্যক্রমও শিগগির শুরু করা হবে। তিনি ও আরেফ আর বশির যৌথভাবে ২০০৬ সালে সিনটেক নামের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করেন। সেই প্রতিষ্ঠানটিই এখন নতুন করে ডি-মানি নামে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
ডি-মানির উদ্যোক্তারা জানান, উদ্দীপনের সদস্যরা ডি-মানির মাধ্যমে মুঠোফোনে নতুন ঋণ নিতে ও পরিশোধ করতে পারবেন। সাধারণ মুঠোফোন ব্যবহার করেই ডি-মানির বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। টাকা পাঠানো ও জমা দেওয়া, এজেন্ট ব্যাংকিং, বিমা প্রিমিয়াম ও বিভিন্ন সেবা বিল পরিশোধ করা যাবে এ সেবা ব্যবহার করে। ই-কমার্সের বিভিন্ন সেবা ডি-মানির মাধ্যমেও পাওয়া যাবে।
যেসব গ্রাহকের স্মার্টফোন বা মুঠোফোন ইন্টারনেট নেই তাঁরা ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে ডি-মানির চিপযুক্ত বিশেষ একটি যন্ত্র পাবেন। এসব লেনদেনের জন্য প্রত্যেক ব্যবহারকারীর আলাদা একটি পিনকোড থাকবে।
ডি-মানির সিইও আরেফ আর বশির বলেন, দেশের মেধাবী মানবসম্পদ ব্যবহার করে বিশ্বমানের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা গড়ে তোলাই লক্ষ্য। প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী আর্থিক সেবা দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা ডি-মানির রয়েছে।