মুঠোফোনে কথা বললে খরচ বাড়বে
মুঠোফোনে কথা বলবেন? খুদে বার্তা (এসএমএস) পাঠাবেন? ইন্টারনেট ব্যবহার করবেন? খরচ বাড়বে আপনার। আগে যে টাকা মাসে মুঠোফোনের পেছনে খরচ করে যেসব সুবিধা নিয়েছেন, সেই একই সুবিধা এখন নিতে গেলে খরচ বেশি হবে। কারণ, কথা বলাসহ মুঠোফোনের সিম ব্যবহার করে যেসব সেবা পাওয়া যায়, সেগুলোর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে মুঠোফোনে প্রতি ১০০ টাকার সেবা পাওয়ার জন্য এখন আপনাকে খরচ করতে হবে ১২১ টাকা ৭৫ পয়সা।
এবার জেনে নিন, কীভাবে আপনাকে বাড়তি এই ২১ টাকা ৭৫ পয়সা দিতে হচ্ছে। ধরা যাক, আপনি মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করলেন। এই ১০০ টাকার ওপর শুরুতেই যোগ হবে ৫ টাকার সম্পূরক শুল্ক। এরপর ওই ১০৫ টাকার ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) হিসেবে যোগ হবে আরও ১৫ টাকা ৭৫ পয়সা। এর সঙ্গে ১ শতাংশ সারচার্জ যোগ হয়ে ১০০ টাকার মুঠোফোন সেবার জন্য আপনাকে মোট ১২১ টাকা ৭৫ পয়সা খরচ করতে হবে।
অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর বাজেট বক্তব্যে বলেন, ‘গত অর্থবছরের বাজেটে মুঠোফোনের সিম কর ব্যাপক হারে কমানো হয়েছে। এ কারণে মুঠোফোন সিমের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, সিম ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। এমনিতেই এই শিল্পের করের বোঝা খুব বেশি, আরও বেশি কর ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এই শিল্পের ভূমিকাকে ব্যাহত করবে।
এদিকে মুঠোফোন সেবার খরচ বাড়লেও সিম কর আগের মতোই ১০০ টাকা রেখেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ নতুন সিম কেনার খরচ আগের মতোই থাকছে। এ ছাড়া ব্যবহার করা সিমটি যদি হারিয়ে যায়, তাহলে সেটি প্রতিস্থাপনের জন্যও আপনাকে ১০০ টাকা কর দিতে হবে।