মুঠোফোনে জমজমাট বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘড়ির কাঁটার দিকে) ওয়ালটন, সনি–র‍্যাংগস, ওপো ও লাভা ব্র্যান্ডের প্যাভিলিয়নে বিভিন্ন ধ​রনের মুঠোফোন দেখেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘড়ির কাঁটার দিকে) ওয়ালটন, সনি–র‍্যাংগস, ওপো ও লাভা ব্র্যান্ডের প্যাভিলিয়নে বিভিন্ন ধ​রনের মুঠোফোন দেখেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

বাণিজ্য মেলায় নানা রকমের পণ্য বিক্রি হলেও এত দিন মুঠোফোনের জন্য আলাদা কোনো স্টল বা প্যাভিলিয়ন ছিল না। চাহিদার কথা বিবেচনা করে এবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান শুধু স্মার্টফোনের পসরা নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। ক্রেতা আকর্ষণে নগদ ছাড়ের পাশাপাশি নানা উপহারও দেওয়া হচ্ছে স্মার্টফোনের এসব স্টলে।
প্রবেশপথ দিয়ে মেলায় ঢুকলেই ডান দিকে চোখে পড়বে ওপো স্মার্টফোনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। বাণিজ্য মেলায় এবারই প্রথম অংশ নেওয়া চীনা ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে আগ্রহী ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। মেলা উপলক্ষে আর সিরিজসহ বেশ কয়েকটি মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ওপো। একই সঙ্গে প্রতিটি স্মার্টফোনে দেওয়া হচ্ছে নগদ অর্থ ছাড় ও বিভিন্ন উপহার। ওপো আর সেভেন প্লাস মডেলের প্রতিটি স্মার্টফোনের সঙ্গে দেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ টাকা মূল্যের দুটি স্পিকার। আরফাইভ, এন ওয়ান মিনি, ওপো নিওথ্রি, ওপো জয়সহ আরও কয়েকটি মডেলের স্মার্টফোনে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থ ছাড় দেওয়া হচ্ছে।
ওপো প্যাভিলিয়নে দায়িত্ব পালনকারী কর্মকর্তা রথীন্দ্রনাথ সরকার বলেন, ‘আমরা যেমন আশা করেছিলাম, ক্রেতাদের সাড়া তার চেয়ে অনেক বেশি। স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো বাণিজ্য মেলায় অংশ নিয়ে ওপো এ ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে।
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনও এবার বড় পরিসরে স্মার্টফোন, সাধারণ ফিচার ফোন ও ট্যাবের বিশাল পসরা সাজিয়েছে। তিনতলাবিশিষ্ট ওয়ালটন প্যাভিলিয়নের দোতলার পুরোটা জুড়ে আছে মুঠোফোন ও ট্যাবের প্রদর্শনী। মেলা উপলক্ষে মুঠোফোন ও ট্যাবের মডেলভেদে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় দিচ্ছে ওয়ালটন।
চতুর্থ প্রজন্মের (ফোরজি) প্রযুক্তি সমর্থন করে—এমন চারটি মডেলের নতুন স্মার্টফোন মেলায় নিয়ে এসেছে ওয়ালটন। প্রিমো জেডএক্সটু, এনএক্সথ্রি, ভিএক্স ও ভিটু—এই চারটি ফোরজি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১৫ হাজার থেকে ৩৬ হাজার টাকার মধ্যে। ফোরজির এসব স্মার্টফোন প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ওয়ালটন প্যাভিলিয়নের কর্মকর্তা রেজাউল করিম জানান, অনলাইনে এসব স্মার্টফোনও কেনার সুযোগ আছে ক্রেতাদের। সে ক্ষেত্রে মেলার অর্থ ছাড়ের পাশাপাশি বাড়তি ২ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটনের বিভিন্ন²মডেলের ট্যাবের বিক্রিও বেশ ভালো। উইন্ডোজ অপারেটিং ব্যবস্থার ওয়ালপ্যাড প্রো মডেলের ট্যাবটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মেলা থেকে এটি ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৮৬৭ টাকায়।
স্মার্টফোনের পাশাপাশি ওয়ালটনের বেসিক ফিচার ফোনও বেশ ভালো বিক্রি হচ্ছে। ওলভিও ব্র্যান্ডের এসব ফিচার ফোন সর্বনিম্ন ৭৮০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
বাণিজ্য মেলা উপলক্ষে সনি এক্সপেরিয়া ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া স্মার্টফোনটি হলো এক্সপেরিয়া জেড ফাইভ প্রিমিয়াম। স্মার্টফোনটি বিশ্বের প্রথম ফোরকে প্রযুক্তির বলে জানালেন সনি-র্যাংগসের বিক্রয়কর্মী। বাজারে স্মার্টফোনটির মূল্য ৬৯ হাজার ৯০০ টাকা হলেও বাণিজ্য মেলায় এটি কেনা যাচ্ছে ৬৪ হাজার ৯০০ টাকায়। এক্সপেরিয়া ব্র্যান্ডের অন্যান্য মডেলের স্মার্টফোনগুলোর মধ্যে পানিরোধী মডেল এম ফাইভ সেটটিও খুব ভালো চলছে বলে জানা গেল।
বাড়তি চমক হিসেবে সনি-র্যাংগসের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে র্যাংগ্স ব্র্যান্ডের কয়েকটি মডেলের মুঠোফোন। এর মধ্যে র্যাংগ্স জেটেনপ্লাস নামের একটি মুঠোফোনের কথা জানা গেল, যেটি একই সঙ্গে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। এই ফোনটির মূল্য রাখা হচ্ছে ২ হাজার ২৯০ টাকা। করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতারাও এই ফোনটির প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছেন বলে জানান বিক্রয়কর্মীরা। বিশেষ এই মুঠোফোন ও পাওয়ার ব্যাংকটির ক্ষমতা ৬ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ঘণ্টা।
বাণিজ্য মেলায় ওপোর মতো এবারই প্রথম বড় পরিসরে অংশ নিচ্ছে স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান লাভা মোবাইল। প্রতিষ্ঠানটি মোট ২৩টি মডেলের স্মার্টফোন তাদের প্যাভিলিয়নে প্রদর্শন করছে। লাভা মোবাইলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ গোলাম সোহান জানান, মূলত ব্র্যান্ডিং ও প্রচারণার জন্যই এবারের বাণিজ্য মেলায় তাঁরা অংশ নিচ্ছেন।
সাড়ে ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকার মধ্যে লাভার স্মার্টফোনগুলো বিক্রি হচ্ছে। প্রতিটি স্মার্টফোনে নগদ মূল্য ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি মডেলের স্মার্টফোনে পাওয়ার ব্যাংকও উপহার হিসেবে ক্রেতাদের দেওয়া হচ্ছে।