মুঠোফোনে টাকা পাঠাতে খরচ কমিয়ে আনার তাগিদ এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক আলোচনা অনুষ্ঠানে। এতে বিশেষজ্ঞরা বলেছেন, নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা এই সেবাটি বেশি ব্যবহার করেন। তাঁদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখে খরচ কমানো প্রয়োজন। তবে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিকাশ বলছে, বর্তমানের চেয়ে কম মূল্যে এই সেবা দেওয়া কঠিন।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার ‘বাংলাদেশ জার্নি: অ্যাক্সিলারেটিং ট্রান্সফরমেশন’ শীর্ষক সেমিনারে এমএফএস সেবা নিয়ে আলোচনা অধিবেশনের আয়োজন করা হয়। বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক কাজী ইকবাল। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) অপারেশনস ডিরেক্টর খুরশিদ আলম, চাকরি খোঁজার অনলাইনভিত্তিক পোর্টাল বিডিজবসের সিইও ফাহিম মাশরুর।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, এমএফএস সেবায় প্রতি ১০০ টাকা পাঠাতে গ্রাহকের খরচ হয় গড়ে ২ টাকা। বাংলাদেশের ব্যবহারকারীদের প্রেক্ষাপটে এ খরচ অনেক বেশি। অন্য দেশে এমএফএসে বেশি টাকা পাঠালে খরচ কম পড়ে কিন্তু বাংলাদেশে ব্যাপারটি উল্টো। অর্থাৎ টাকা পাঠানোর পরিমাণ যত বাড়ে খরচও তত বেশি হয়। এমএফএস সেবাকে শুধু ব্যাংক–নিয়ন্ত্রিত রাখার সমালোচনাও করা হয় প্রবন্ধ উপস্থাপনায়।
লীলা রশিদ বলেন, এমএফএস সেবার বর্তমান বাজারটি মোটেই প্রতিযোগিতামূলক নয়। বাজারে প্রতিযোগিতা আনতে বাংলাদেশ ব্যাংক বর্তমান নীতিমালা সংশোধনে কাজ করছে। বেশ কয়েকটি ব্যাংক এমএফএস সেবার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরির জন্য উদ্যোগ নিয়েছে, বিষয়টিকে বাংলাদেশ ব্যাংক ইতিবাচকভাবে দেখছে।
এমএফএস সেবার মূল্যের বিষয়ে লীলা রশিদ বলেন, যৌক্তিক মূল্যে এই সেবা গ্রাহককে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যার যার অবস্থান থেকে কাজ করছে। তবে আয় ভাগাভাগি, এজেন্টের কমিশন, স্বার্থের সংঘাতসহ এ বিষয়ে অনেক জটিলতা রয়েছে। এগুলো সমাধানে চেষ্টা করা হচ্ছে।
বিকাশের সিইও কামাল কাদির বলেন, এমএফএস সেবা থেকে যে আয় হয় তার ৭৭ শতাংশ এজেন্টকে দিতে হয়। বাকি আয়ের ৭ শতাংশ মুঠোফোন অপারেটর আর ১৬ শতাংশ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পায়। সব দিক বিবেচনা করেই এজেন্টের আয়ের ভাগ নির্ধারণ করা হয়েছে। এমএফএস সেবার মূল্য নিয়ে সাধারণ ব্যবহারকারীদের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।
এমএফএস সেবাকে শুধু ব্যাংক–নিয়ন্ত্রিত না রেখে অন্যদের জন্য উন্মুক্ত করার বিষয়ে জোর দেন পিআরআইয়ের খুরশিদ আলম। তিনি বলেন, প্রতিযোগিতামূলক সক্ষমতা আছে এমন প্রতিষ্ঠানকে এ বাজারে আসতে দেওয়া উচিত। মুঠোফোন অপারেটরদের এ সেবা দেওয়ার মতো এজেন্ট, কারিগরি সক্ষমতা, প্রযুক্তি ও বিনিয়োগ আছে। তাদের এ সেবা দেওয়ার অনুমতি দেওয়া হলে প্রতিযোগিতা বাড়বে।
মুঠোফোন অপারেটরদের এমএফএস সেবার বাজারে আসার বিরোধিতা করে ফাহিম মাশরুর বলেন, তাদের কাজ সেবা দেওয়ার অবকাঠামো নিশ্চিত করা। তারাই যদি ব্যবসা করতে শুরু করে তাহলে সুষম প্রতিযোগিতার ক্ষেত্র থাকবে না। টাকা আদান-প্রদানের বাইরে এমএফএস সেবাকে সব ধরনের মূল্য পরিশোধের কাজে বেশি করে ব্যবহার করতে হবে।
প্রবাসী আয় কমে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের এমএফএস লেনদেন সীমা কমানোর সিদ্ধান্তকে ‘মাথাব্যথায় মাথা কেটে ফেলার’ সঙ্গে তুলনা করেন ফাহিম মাশরুর। এ বিষয়ে লীলা রশিদ বলেন, গণমাধ্যমের চাপে পড়েই লেনদেন সীমা কমানো হয়েছে। তবে এটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এমএফএসের লেনদেন সীমা কমিয়ে দেয়। কার্যকর হওয়া এ নির্দেশনায় এমএফএস হিসাব থেকে এক দিনে অর্থ উত্তোলনের সীমা ২৫ হাজার থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।