মুঠোফোনে দেশীয় ব্র্যান্ডের প্রাধান্য

মুঠোফোনের বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য ক্রমেই বাড়ছে। স্মার্টফোন ও ফিচার ফোন মিলিয়ে ২০১৫ সালে দেশে ২ কোটি ৬০ লাখ মুঠোফোন বিক্রি হয়েছে। এর ৮৫ শতাংশ অর্থাৎ ২ কোটি ২০ লাখ ফোন বিক্রি হয়েছে দেশীয় ব্র্যান্ডের।
আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, বাজার দখলের পাশাপাশি আয়ের দিক থেকেও দেশীয় ব্র্যান্ডগুলো এগিয়ে আছে। ৬ হাজার কোটি টাকার এই বাজারের ৬৫ শতাংশ বা ৪ হাজার কোটি টাকা আয় করছে দেশীয় ব্র্যান্ডগুলো। দেশীয় ব্র্যান্ডের মুঠোফোন ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে কিনতে পারছেন। মানের দিক থেকেও ভালো। এ দুটো কারণেই এসব ব্র্যান্ডের বাজার দখল বাড়ছে।
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে বহুজাতিক ব্র্যান্ডের ফোনের বাজার দখল ৩ শতাংশ কমে ১৫ শতাংশ হয়েছে, ২০১৪ সালে যা ছিল ১৮ শতাংশ।
দেশের বাজারে সব ব্র্যান্ডের মধ্যে শীর্ষে আছে সিম্ফনি। গত বছর একমাত্র এই প্রতিষ্ঠানটি ১ কোটির বেশি মুঠোফোন বিক্রি করতে পেরেছে। এর মধ্যে স্মার্টফোনের বাজারে সিম্ফনির বাজার দখল ৪৬ শতাংশ, আর বেসিক ফিচার ফোনে ৩৫ শতাংশের বেশি।
দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে সিম্ফনির পরেই বাজার দখলে এগিয়ে আছে ওয়ালটন মোবাইল। প্রতিষ্ঠানটির বাজার দখলের পরিমাণ এখন ১০ শতাংশের বেশি।
সিম্ফনি, ওয়ালটনের পাশাপাশি গত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন ব্র্যান্ড বাজারে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে এসিআইয়ের স্টাইলাস, ওকাপিয়া, গোল্ডবার্গ, এলিট প্রভৃতি। সব মিলিয়ে প্রতিষ্ঠিত ১০টি দেশীয় মুঠোফোন ব্র্যান্ড এখন দেশের বাজারে মুঠোফোন বিক্রি করছে। আর এ সংখ্যাটি প্রতিনিয়তই বাড়ছে।
জানতে চাইলে বিএমপিআইএর মহাসচিব রেজওয়ানুল হক বলেন, ‘দেশীয় ব্র্যান্ডগুলোর সাফল্যের মূল কারণ, তারা এ দেশের মানুষের ব্যবহার-উপযোগী (কাস্টমাইজেশন) করে মুঠোফোন বাজারে নিয়ে আসছে। আমাদের ক্রেতাদের বড় একটি অংশ ৫ থেকে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে মুঠোফোন কেনেন। দেশীয় ব্র্যান্ডের বেশির ভাগ ফোনই এই দামে কিনতে পাওয়া যায়, যা নামীদামি বহুজাতিক ব্র্যান্ডের ফোনে পাওয়া যায় না।’
দেশে মুঠোফোন উৎপাদনের সম্ভাবনা নিয়ে রেজওয়ানুল হক বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশে মুঠোফোন সংযোজনের কারখানা চালু হবে বলে আশা করছি আমরা। তবে পূর্ণ উৎপাদনে যেতে আরও কিছুটা সময় লাগবে; কারণ মোবাইল ফোনের উৎপাদন উচ্চ প্রযুক্তিনির্ভর। এসব ব্যাপারে আমাদের এখনো সক্ষমতা অর্জনের বিষয় আছে।’
তবে বিদেশি ব্র্যান্ডের মুঠোফোনের বিক্রিও মন্দ নয়। বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে দেশের বাজারে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। স্মার্টফোন ও ফিচার ফোন মিলিয়ে বাজারের ১২ শতাংশের বেশি দখলে আছে প্রতিষ্ঠানটির। রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজা ও বসুন্ধরা সিটির স্যামসাং বিক্রেতা ব্যবসায়ীরা জানান, গ্যালাক্সি এস সিরিজের পাশাপাশি সম্প্রতি জে সিরিজের বেশ কয়েকটি স্যামসাং স্মার্টফোন খুব ভালো চলছে বাজারে। বিক্রি হচ্ছে আইফোনও।
চীনা বহুজাতিক ব্র্যান্ড হুয়াওয়ের স্মার্টফোনও সাম্প্রতিক সময়ে বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটির জি, মেট ও পি সিরিজের স্মার্টফোনগুলোর চাহিদা ভালো বলে জানা গেছে। এ ছাড়া এইচটিসি, ওপো, আসুস, সনি, লেনোভোর মতো ব্র্যান্ডের স্মার্টফোনের বিক্রিও ভালো। গত বছরের শেষ দিকে এইচটিসি আনুষ্ঠানিকভাবে তাদের ফোন বাজারজাত করতে শুরু করেছে।
তবে বৈধভাবে বিক্রি হওয়া দেশি-বিদেশি সব ব্র্যান্ডের জন্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধভাবে আমদানি হওয়া মুঠোফোন। অবৈধ ফোনের আমদানি ও বিক্রি বন্ধের বিষয়ে স্যামসাং গত বছর আদালতে একটি মামলা করে। স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন বাংলাদেশের বাজারে বৈধভাবে গড়ে স্যামসাং ব্র্যান্ডের ১ হাজার ৭০০ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়। একইভাবে প্রতিদিন অবৈধভাবে আমদানি হওয়া ১ হাজার ৭০০ ইউনিট স্যামসাং স্মার্টফোন বিক্রি হয়। অবৈধভাবে আমদানি ও বিক্রির কারণে শুধু স্যামসাং ব্র্যান্ড থেকেই সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৪৬৪ কোটি ২৯ লাখ টাকা।