মুঠোফোনে লেনদেন কমেছে ২৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের (এমএফএস) পরিমাণ প্রায় ২৪ শতাংশ কমেছে। জুনে এ খাতে ২৩ হাজার ১৫১ কোটি টাকা লেনদেন হলেও জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩৯ কোটি টাকায়। এমএফএস সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এমএফএসের মাধ্যমে জুলাইয়ে প্রতিদিন গড়ে ৫৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। জুন মাসে এ লেনদেনের পরিমাণ ছিল ৭৭১ কোটি টাকা। আর্থিক লেনদেন কমলেও আলোচ্য সময়ে মুঠোফোনভিত্তিক আর্থিক হিসাব ৩ হাজার বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৬৫ হাজার ও সক্রিয় হিসাবের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩৪ হাজার হয়েছে। এ ছাড়া একই সময়ে এজেন্টের সংখ্যা ৬ লাখ ৪ হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ লাখ ১৩ হাজার।
খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোজার ঈদকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় গত জুনে আর্থিক লেনদেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। ঈদের পরে জুলাই মাসে আর্থিক লেনদেন কমে আসার চিত্রটি খুব স্বাভাবিক। তবে কোরবানির ঈদ সামনে রেখে আগস্ট ও সেপ্টেম্বরে আর্থিক লেনদেন বাড়বে বলে আশা করছেন তাঁরা।
জানতে চাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মুখপাত্র জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের কারণে জুন মাসে মানুষের হাতে বাড়তি অর্থ ছিল, তাই ওই সময়ে যে আর্থিক লেনদেন হয়েছে সেটি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। জুনে প্রবাসী আয়, বেতন-বোনাসের কারণেও আর্থিক লেনদেন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ওই সময়ে মুঠোফোনে অর্থ পরিশোধ করলে নগদ অর্থ ফেরত, মূল্যছাড়ের কারণেও লেনদেন বেশি হয়েছে।
আর্থিক লেনদেনের সঙ্গে জুলাইয়ে মুঠোফোনে বেতন পরিশোধ, বিল পরিশোধ ও প্রবাসী আয়ের পরিমাণও কমে গেছে। জুনে এমএফএসের মাধ্যমে ৪৩৭ কোটি টাকার বেতন পরিশোধ করা হয়েছে, জুলাইয়ে তা ৭২ শতাংশ কমে ১২০ কোটি টাকা হয়েছে। এ সময়ে বিল পরিশোধের পরিমাণ ২২৮ কোটি থেকে ১৭৪ কোটি টাকায় নেমে এসেছে। জুনে মুঠোফোনে ৭ কোটি টাকার বেশি প্রবাসী আয় এলেও জুলাইয়ে এসেছে ৫ কোটি ৯১ লাখ টাকা।
বর্তমানে দেশে এমএফএস সেবা দেওয়ার জন্য ২৪টি ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৮টি ব্যাংক এ সেবা চালু করেছে।