মুঠোফোনের অবৈধ আমদানি বাড়ছে
দেশে কর ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মুঠোফোন আমদানি বাড়ছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন প্রতি ৪টি মুঠোফোনের ১টিই অবৈধভাবে আমদানি হয়। আগামী বাজেটে মুঠোফোন আমদানিতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে অবৈধ আমদানি আরও বাড়বে। এর ফলে অবৈধ আমদানি মোট আমদানির ৪০ থেকে ৫০ শতাংশ হয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুঠোফোন আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি সম্পূর্ণ মুঠোফোন আমদানিতে সব মিলিয়ে ২৩ দশমিক ৭৫ শতাংশ কর দিতে হয়। এর মধ্যে ৫ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ অগ্রিম কর হিসেবে দিতে হয়। আমদানি শুল্ক ১০ শতাংশ বেড়ে যাওয়ায় মুঠোফোন আমদানিতে এখন সব মিলিয়ে ৩৪ দশমিক ৫ শতাংশ কর দিতে হবে। এতে করে ৫ হাজার টাকার ১টি মুঠোফোনের দাম বাড়বে কমপক্ষে ৬ হাজার টাকা।
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) হিসাবে, ২০১৬ সালে বৈধ পথে ৩ কোটি ইউনিট মুঠোফোন আমদানি হয়। এর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৮ হাজার কোটি টাকা। এর সঙ্গে অবৈধভাবে আমদানি হওয়া মুঠোফোনের বাজার ছিল আরও কমপক্ষে ৩ হাজার কোটি টাকার। এই ৩ হাজার কোটি টাকার অবৈধ বাজার থেকে সরকার কোনো রাজস্ব পায়নি।
মূলত দেশে মুঠোফোনের সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করতে আমদানিতে শুল্ক ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে কারণে মুঠোফোন সংযোজন কারখানা করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে ছাড় দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা দেশে সংযোজন কারখানা করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত হলেও বলছেন, এ ধরনের অবকাঠামো তৈরিতে কমপক্ষে এক বছর সময় দরকার।
জানতে চাইলে, বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব প্রথম আলোকে বলেন, দেশীয় অনেক প্রতিষ্ঠান স্থানীয় মুঠোফোন শিল্প স্থাপনের জন্য আগ্রহী। কিন্তু মুঠোফোন উৎপাদন একটি প্রযুক্তিনির্ভর শিল্প এবং বাংলাদেশে এ খাতে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। দেশে সংযোজন শিল্প ও দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য ন্যূনতম এক বছর সময় প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় পর সরাসরি মুঠোফোন আমদানিতে শুল্ক বাড়ানো হলে সেটি নিয়ে আপত্তি থাকবে না।
অবৈধভাবে আমদানি হওয়া ও অনুমোদনহীন মুঠোফোন বিক্রির বাজারকে বলা হয় ‘গ্রে মার্কেট’। এ বাজারে মূলত তিন ধরনের মুঠোফোন পাওয়া যায়। প্রথম ধরনের হ্যান্ডেসেটগুলো একেবারে নতুন ও আসল। দ্বিতীয় ধরনের হ্যান্ডসেটগুলো ব্যবহৃত, কিন্তু নতুন বলে বিক্রি করা হয়। আর তৃতীয় ধরনের হ্যান্ডসেটগুলো একেবারেই নকল। এই তিন ধরনের মুঠোফোনের কোনোটিতেই গ্রাহকেরা পান না বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, আর সরকারও বঞ্চিত হয় রাজস্ব থেকে।
দেশে মুঠোফোনের শীর্ষ ব্র্যান্ড সিম্ফনির বিপণন পরিচালক আশরাফুল হক বলেন, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে চটকদার বিজ্ঞাপন দিয়ে যেসব সেট বিক্রি করা হয়, সেগুলোর বেশির ভাগই অবৈধভাবে আমদানি করা। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, বাইরে যে মুঠোফোনের দাম ১৬ হাজার টাকা, সেটা ই-কমার্স সাইটগুলো বিক্রি করে ১১ হাজার টাকায়। পরিবেশক ও খুচরা বিক্রেতার লাভ ধরে একটি মুঠোফোন বিক্রি করে সর্বোচ্চ ১০ শতাংশ লাভ থাকে। তাই বৈধভাবে আমদানি করলে এত কম দামে ফোন বিক্রি করা কোনোভাবেই সম্ভব না।
অ্যাপলের আইফোন বাংলাদেশে বৈধভাবে আমদানি করা একমাত্র প্রতিষ্ঠান হলো ইউনিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির বলেন, দেশে বিক্রি হওয়া মোট আইফোনের ৭০ শতাংশই আসে অবৈধ উপায়ে। বাকি ৩০ শতাংশ আইফোন এখন ইউনিয়ন গ্রুপের মাধ্যমে আমদানি হয়। বৈধ আমদানিতে শুল্ক বাড়লে আইফোন বিক্রির ৯০ শতাংশই গ্রে মার্কেটে চলে যাবে।