মুঠোফোনের এখন ১২ কোটি গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র : বিটিআরসি
সূত্র : বিটিআরসি

দেশের ১২ কোটি গ্রাহক মুঠোফোন ব্যবহার করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩ লাখ ৫০ হাজার। গত নভেম্বরে এ সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ।
২০১৩ সালের এপ্রিলে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাড়ায়। ২০০৭ সালের জুলাইয়ে গ্রাহকসংখ্যা ছিল তিন কোটি। এর নয় মাসের মাথায় ২০০৮ সালের এপ্রিলে গ্রাহকসংখ্যা চার কোটিতে দাঁড়ায়। ২০০৯ সালের সেপ্টেম্বরে গ্রাহকসংখ্যা পাঁচ কোটি ছাড়ায়। এরপর ২০১০ সালের জুলাইয়ে ছয় কোটি, ২০১১ সালের জানুয়ারিতে সাত কোটি, একই বছরের ডিসেম্বরে আট কোটি এবং ২০১২ সালের এপ্রিলে গ্রাহকসংখ্যা নয় কোটির মাইলফলক স্পর্শ করে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৫ কোটি ১৫ লাখ। নভেম্বর পর্যন্ত তা ছিল ৫ কোটি ১১ লাখ। গ্রাহকসংখ্যার দিক দিয়ে বাজারের ৪৩ শতাংশ এ অপারেটরটির দখলে।
গ্রাহক প্রবৃদ্ধি সম্পর্কে গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, ‘বাংলাদেশের মোবাইল গ্রাহকসংখ্যা ১২ কোটিতে পৌঁছানো একটি বিশাল মাইলফলক। দেশের আর্থসামাজিক উন্নয়নে মোবাইল সংযোগ একটি বড় ভূমিকা রাখছে।’
গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকের গ্রাহক নভেম্বরের চেয়ে তিন লাখ বেড়ে ডিসেম্বরে ৩ কোটি ৯ লাখ হয়েছে। মোট গ্রাহকের ২৫ দশমিক ৬৮ শতাংশ এখন বাংলালিংকের দখলে।
রবি আজিয়াটার গ্রাহকসংখ্যাও একই সময়ে বেড়েছে এক লাখ। বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ২ কোটি ৫২ লাখ। অপারেটরটির দখলে আছে বাজারের ২১ শতাংশ।
আরেক অপারেটর এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৭৪ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ৭৫ লাখ ১০ হাজার হয়েছে।
গ্রাহক বেড়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকেরও। ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা হয়েছে ৩৮ লাখ ৬০ হাজার। গত নভেম্বরে টেলিটকের গ্রাহক ছিল ৩৮ লাখ ৫ হাজার।
তবে গ্রাহক হারানো অব্যাহত আছে দেশের সবচেয়ে পুরানো অপারেটর সিটিসেলের। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সিটিসেলের গ্রাহকসংখ্যা ১২ লাখ ৯৩ হাজার। গত নভেম্বরে তা ছিল ১৩ লাখ ৬ হাজার।
একই সময়ে দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও হয়েছে ৪ কোটি ২১ লাখ ৭৩ হাজার। গত নভেম্বরে তা ছিল ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার।
গ্রাহক প্রবৃদ্ধি সম্পর্কে রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোনে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিই গ্রাহক প্রবৃদ্ধির অন্যতম কারণ। শুধু ভয়েস কল দিয়ে এ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হতো না।’