মুঠোফোনের কারখানা হলে সুরক্ষা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানির উপযোগী গুণগত মানের মুঠোফোন কারখানা গড়ে তুলতে দেশীয় উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, কাঁচামালের শুল্ক কমানোর দাবি জানানোর আগে এ খাতে শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। এ ধরনের কারখানা হলে তার সুরক্ষায় সরকার শিল্পবান্ধব শুল্ককাঠামো নিশ্চিত করবে।
‘দেশীয় উদ্যোগে মোবাইল ফোন শিল্প গড়ে তোলার এখনই উপযুক্ত সময়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, ২০১৬’ উপলক্ষে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি (বিএমবিএ) গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বলে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএমবিএর সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ১০ হাজার কোটি টাকারও বেশি মুঠোফোন ও আনুষঙ্গিক সরঞ্জামের বাজার রয়েছে, যা সম্পূর্ণ আমদানিনির্ভর। তাই এ খাতে বিনিয়োগ করলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
শিল্পমন্ত্রী বড় আকারের মোবাইল ফোন কারখানা স্থাপনে ইপিজেড ও ছোট কারখানার জন্য বিসিক শিল্পনগরে প্লট বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।