মুঠোফোন অপারেটরদের প্রাতিষ্ঠানিক করহার কমানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোন কোম্পানিগুলো তাদের কোম্পানি কর (করপোরেট ট্যাক্স) কমানোর দাবি জানিয়েছে।
মুঠোফোন অপারেটররা বর্তমানে ৪৫ শতাংশ হারে কর দিচ্ছে। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এ হার হয় ৪০ শতাংশ।
৪৫ ও ৪০ শতাংশ এ করহারকে ‘অতিরিক্ত’ উল্লেখ করে মুঠোফোন অপারেটররা দাবি করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে করের হার ৩০ শতাংশ আর অ-তালিকাভুক্ত অপারেটরদের জন্য এটা ৩৫ শতাংশ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বাজেট-পূর্ববর্তী বৈঠকে গতকাল সোমবার এ দাবি জানায় অপারেটররা। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এনবিআরের সদস্য মো. ফরিদউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মুঠোফোন অপারেটরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুঠোফোন অপারেটরগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস (অ্যামটব), এনবিআরসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জাতীয় বাজেট সামনে রেখে প্রতিবছরের মতো এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে রবি আজিয়াটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, ‘টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো ক্ষতিকর কোনো পণ্য উৎপাদন করে না, পরিবেশেরও কোনো ক্ষতি করে না। তার পরও আমাদের ওই ধরনের প্রতিষ্ঠানের মতো করপোরেট কর দিতে হয়। এ ধরনের করহারের কারণে আয় করা প্রতি ১০০ টাকায় ৫৫ টাকারও বেশি অর্থ সরকারকে দিতে হয়।’
বৈঠকে বলা হয়, বাংলাদেশে মোবাইল গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) বিশ্বে সর্বনিম্ন পর্যায়ের। কিন্তু এর বিপরীতে একজন গ্রাহক ধরতে খরচ সর্বোচ্চ পর্যায়ে। এ জন্য নতুন সিম কার্ডের ওপর ধার্যকৃত ৩০০ টাকা আয়কর ও হারিয়ে যাওয়া সিম কার্ড প্রতিস্থাপন কর ১০০ টাকা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
সিম কার্ডে কর প্রত্যাহার করা হলে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ বাড়বে এবং তা সরকারের রাজস্ব আয় যেমন বাড়াবে, তেমনিভাবে গ্রাহক, অপারেটরসহ সব পক্ষই লাভবান হবে বলে দাবি করে অপারেটররা।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে মুঠোফোন গ্রাহক বৃদ্ধির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে বলা হয়, সিম কার্ডে করের হার ২০১৩ সালে কম থাকায় সে বছর মুঠোফোনের গ্রাহক সবচেয়ে বেশি, অর্থাৎ ১৭ শতাংশ বেড়েছে।
বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৭৬ শতাংশ মুঠোফোন ব্যবহার করে জানিয়ে বলা হয়, একই ব্যক্তির একাধিক সিম কার্ড থাকায় এ সংখ্যা প্রকৃত মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যার চেয়ে বেশি। তবে একাধিক সিমের ব্যবহারকারী হিসাব করলেও বাংলাদেশ মুঠোফোন ব্যবহারে এশিয়ার অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছে।
মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) মুঠোফোন অপারেটরদের অবদান প্রতিবছরই বাড়ছে উল্লেখ করে বৈঠকে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) হিসাবেও এ খাত এখন সবচেয়ে বড়। বৈঠকে বিনিয়োগ স্থিতিশীলতার নিশ্চয়তা পেলে এ বিনিয়োগ আরও বাড়বে বলে জানানো হয়।
একটি মুঠোফোন অপারেটর যদি ধারাবাহিকভাবে লোকসান দেয়, তাহলে বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠান ছয় বছর পর্যন্ত কর মওকুফের সুবিধা পেয়ে থাকে। কর মওকুফের এই সুবিধা বাড়িয়ে ১০ বছর করার সুপারিশ করেছে অপারেটররা।
বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় তো বটেই, উন্নয়নশীল অনেক দেশ থেকেও পিছিয়ে আছে। ইন্টারনেটের ব্যবহার বাড়াতে মুঠোফোনের ইন্টারনেট ডেটার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের আহ্বান জানায় অপারেটররা। এটি করা হলে ইন্টারনেট ব্যবহার অনেক বাড়বে বলেও দাবি করা হয় বৈঠকে। ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় মডেমের দামের ওপর ভ্যাট তুলে নিতেও দাবি করা হয় বৈঠকে। মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে স্মার্টফোনের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণেরও প্রস্তাব করা হয় বৈঠকে।
দাবির জবাবে এনবিআর সদস্য মো. ফরিদউদ্দিন বলেন, ‘আপনাদের বিভিন্ন সুপারিশ ও দাবির কথা আমরা শুনলাম। এগুলো নির্মোহভাবে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’