মুঠোফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মুঠোফোন আমদানিতে বর্তমানে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হয়। এই ১০ শতাংশ আমদানি শুল্কের পাশাপাশি বাড়তি সাড়ে ২১ শতাংশ শুল্ক দিতে হবে মূল্য সংযোজন কর (মূসক) ও উেস অগ্রিম আয়কর হিসেবে। এর ফলে আগে যে মুঠোফোনটি ৮০০-৯০০ টাকায় পাওয়া যেত, একই মুঠোফোন কিনতে এখন একজন ক্রেতাকে গুনতে হবে ১১০০-১২০০ টাকা।

প্রস্তাবিত বাজেটে আমদানি করা মুঠোফোনের ওপর এই অতিরিক্ত মূসক এবং উেস অগ্রিম আয়কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) নেতারা।

সম্পূর্ণ আমদানিনির্ভর এই শিল্পে এই ধরনের অতিরিক্ত কর আরোপ সাধারণ জনগণের ব্যবহার করা মুঠোফোনের দাম বাড়াবে। পাশাপাশি মুঠোফোনের অবৈধ আমদানি উত্সাহিত করবে বলে আয়োজকেরা আশঙ্কা প্রকাশ করেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএমপিআইএ সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, মহাসচিব রেজওয়ানুল হক, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব নুরুল কবির ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার।

সংবাদ সম্মেলনে মোস্তফা রফিকুল ইসলাম বলেন, ‘গত অর্থবছরের বাজেটে সরকার মুঠোফোনের শুল্ক সহনীয় পর্যায়ে নিয়ে আসায় দেশে বৈধভাবে দুই কোটির বেশি মুঠোফোন আমদানি হয়েছে, যা মোট আমদানি হওয়া মুঠোফোনের ৯৬ শতাংশ। অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হলে অবৈধ পথে উল্টো ৯৫ শতাংশ মুঠোফোন আমদানি হবে। এর ফলে সরকারের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।’

এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার বলেন, ‘মুঠোফোন আমদানিতে এই ধরনের শুল্ক আরোপ করা হলে তার সরাসরি প্রভাব পড়বে শ্রমিক ও কৃষকের মতো প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাঁদের কথা বিবেচনা করে সরকারের এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’