মুঠোফোন আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহার করার আহ্বান
এখনো দেশের মুঠোফোন বা মোবাইল ফোনসেটের চাহিদার প্রায় ৯৫ শতাংশ মেটাতে হয় আমদানি করা ফোনসেট দিয়ে। আর তাই আমদানি করা সেটের ওপর বাড়তি শুল্ক আরোপ করায় এসব ফোনসেটের দাম বেড়ে যাবে।
একটি মুঠোফোন আমদানিতে বর্তমানে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হয়। কিন্তু ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সেই শুল্ক বাড়িয়ে সাড়ে ৩১ শতাংশ করা হয়েছে৷ বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্কের পাশাপাশি বাড়তি সাড়ে ২১ শতাংশ শুল্ক দিতে হবে মূল্য সংযোজন কর (মূসক) ও উৎসে অগ্রিম আয়কর হিসেবে।
ফলে আগে যে মুঠোফোন কিনতে ৯০০ থেকে এক হাজার টাকা ব্যয় করতে হতো ক্রেতাকে, এখন তা কিনতে এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) নেতারা এক সংবাদ সম্মেলনে গতকাল এসব কথা বলেছেন।
রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএমপিআইএর সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, বিএমপিআইএর মহাসচিব রেজওয়ানুল হক, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব নুরুল কবির, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আইসিটি-বিষয়ক পরিচালক শাফকাত হায়দার৷
আমদানি করা মুঠোফোনের ওপর এই অতিরিক্ত মূসক ও উৎসে অগ্রিম আয়কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে বিএমপিআইএর নেতারা বলেন, এ ধরনের অতিরিক্ত কর আরোপ সাধারণ জনগণের ব্যবহৃত মুঠোফোনের দাম বাড়াবে এবং মুঠোফোনের অবৈধ আমদানি উৎসাহিত হবে।
বিএমপিআইএ সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম বলেন, ‘গত অর্থবছরের বাজেটে সরকার মুঠোফোনের শুল্ক সহনীয় পর্যায়ে নিয়ে আসায় দেশে বৈধভাবে দুই কোটির বেশি মুঠোফোন আমদানি হয়েছে, যা মোট আমদানি হওয়া মুঠোফোনের ৯৬ শতাংশ৷ অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হলে অবৈধ পথে উল্টো ৯৫ শতাংশ মুঠোফোন আমদানি হবে। এর ফলে সরকারের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।’
শাফকাত হায়দার বলেন, ‘মুঠোফোন আমদানিতে এ ধরনের শুল্ক আরোপ করা হলে তার সরাসরি প্রভার পড়বে শ্রমিক, কৃষকের মতো প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাদের কথা বিবেচনা করে সরকারের এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’ তিনি ব্যাখ্যা করে বলেন, এখন সাধারণ কৃষক-শ্রমিকেরা কম দািম মোবাইল ফোন ব্যবহার করে, যা তাদের জীবনযাত্রা সহজ করেছে৷ বেশি দাম দিয়ে সেট কিনতে হলে এসব প্রান্তিক মানুষের প্রকৃত আয় কমে যাবে৷