মুঠোফোন ও কার্ডে লেনদেনে মিলছে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এলেই বাড়ে কেনাকাটা। পবিত্র রমজানে বাসার বাইরে ইফতার-সাহ্‌রি চলে সমানতালে। ফলে এ সময় নগদ টাকার ব্যবহার বাড়ে কয়েক গুণ। এ সময় ব্যাংকগুলোর কার্ডের ব্যবহারও বাড়ে। মূলত নানা ছাড় ও অফারের কারণেই বাড়ে কার্ডের ব্যবহার। নতুন গ্রাহক ধরতে ও পুরোনো গ্রাহকদের খুশি রাখতে ব্যাংকগুলোও এ সময়ে কার্ডধারীদের জন্য এসব উপহারের ব্যবস্থা রাখে। ফলে ঈদকেন্দ্রিক ব্যাংকগুলোর কার্ড ব্যবসাও কিছুটা ভালো চলে।

কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। এর মাধ্যমে ব্যাংকগুলো নতুন গ্রাহক আকর্ষণের পাশাপাশি পুরোনো গ্রাহকদের ‘ঈদ উপহার’ দিচ্ছে। এভাবে উৎসবকেন্দ্রিক বিভিন্ন ছাড় দিয়ে গ্রাহকদের বৈশ্বিক আবহ দেওয়ার চেষ্টা করছে ব্যাংকগুলো। মুঠোফোন ব্যাংকিং সেবা বিকাশ ও রকেট-এর মাধ্যমে কেনাকাটাতেও মিলছে নানা ছাড়। এতে করে কার্ডভিত্তিক লেনদেন বাড়ছে ও নগদ টাকার ব্যবহার কিছুটা কমে আসছে বলে মনে করছেন ব্যাংকাররা।

গত সপ্তাহে রাজধানীর আড়ং শোরুমে কথা হয় বেসরকারি সংস্থায় কর্মরত ফারজানা তিথির সঙ্গে। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা সারছেন তিনি। ফারজানা বলেন, ‘কার্ড দিয়ে কেনাকাটায় ছাড় পাওয়া যাচ্ছে, এমন শোরুমেই ঢুঁ মারছি বেশি। এর মাধ্যমে খরচ একটু হলেও কমছে। ঈদের আমেজও পাওয়া যাচ্ছে। এতেই মজা।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ সামনে রেখে বেসরকারি খাতের সিটি, ইস্টার্ন, ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম ও ঢাকা ব্যাংক গ্রাহকদের দিচ্ছে নানা ছাড়। এ ছাড়া বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ডও কার্ডধারী গ্রাহকদের দিচ্ছে নানা অফার। আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সও কার্ড গ্রাহকদের জন্য রেখেছে নানা সুবিধা।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, ব্যাংকগুলোর সঙ্গে গ্রাহকদের সম্পর্ক দীর্ঘমেয়াদি। গ্রাহকদের চাহিদা বুঝে ব্যাংকগুলো ঈদের সময় নানা সুবিধা দিচ্ছে। এর ফলে সম্পর্কটা আরও বেশি জোরালো হয়।

মাশরুর আরেফিন আরও বলেন, এবারও সিটি ব্যাংক ঈদ উপলক্ষে কার্ডধারী গ্রাহকদের নানা ছাড় দিয়েছে। বলা যায়, এটা ঈদ উপহার। গ্রাহকেরা যেন নিশ্চিন্তে কেনাকাটা ও ইফতার-সাহ্‌রি করতে পারেন, এ জন্যই এ উদ্যোগ। তবে আগের চেয়ে এ বছর কার্ডের ব্যবহার কম।

একাধিক ব্যাংকের কার্ড সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, আগের বছরের চেয়ে চলতি বছর কার্ডের মাধ্যমে কেনাকাটা কমেছে। যেসব গ্রাহক কার্ড ব্যবহার করেন, তাঁদের অনেকেই দেশের বাইরে কেনাকাটায় গেছেন। বিশেষ করে ভারতে ভিসা সহজ করার ফলে দেশে কেনাকাটায় কার্ডের ব্যবহার কমে গেছে।

জানা গেছে, রমজান মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যেকোনো কার্ড দিয়ে কেনাকাটায় ৫-২৫ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা মিলছে। দেশের প্রায় ৫০টি শোরুম থেকে কেনাকাটায় মিলছে এসব ছাড়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে ৩০টি শোরুমে।

প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা পাঁচ ও চার তারকা মানের হোটেলগুলোতে এই রমজান মাসে একটি ইফতারি কিনলে পাচ্ছেন একটি ফ্রি। এ ছাড়া ব্যাংকটির ডেবিট ও মোনার্ক গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ডের ১০০টি আউটলেট থেকে কেনাকাটায় পাচ্ছেন নানা ছাড়।

ইস্টার্ন ব্যাংকও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। এ ছাড়া ব্যাংকটি কার্ড গ্রাহকদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।

ব্র্যাক ব্যাংক তাদের কার্ডে বড় ধরনের ছাড়ের সুযোগ দিয়েছে। ক্রেডিট কার্ডে কেনাকাটায় আড়ংয়ে মিলছে ২০ শতাংশ ছাড়। এ ছাড়া অ্যাপেক্স ও লোটোতে মিলছে ১০ শতাংশ ছাড়। আরও শতাধিক ব্র্যান্ডের শোরুমে ছাড় পাওয়া যাচ্ছে ব্র্যাক ব্যাংকের কার্ডে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেইন প্রথম আলোকে বলেন, গ্রাহকদের আরও বেশি সহায়তা করতেই এ উদ্যোগ। এর ফলে নগদ লেনদেন কমে গিয়ে কার্ডভিত্তিক সেবার বিকাশ ঘটবে। যাতে করে লেনদেন দ্রুত ও স্বচ্ছ হচ্ছে। কার্ডের মাধ্যমে লেনদেন হওয়ায় সবকিছুর জবাবদিহি থাকছে।

সিটি ব্যাংকের কার্ডে ১৯০টি ব্র্যান্ড শপ থেকে কেনাকাটায় ছাড় মিলছে। এ ছাড়া ব্যাংকটির কার্ডে ইফতার ও সাহ্‌রিতে ২৫টি রেস্টুরেন্টে একজন কিনলে পাচ্ছেন একজন ফ্রি খাওয়ার সুযোগ। ঢাকা ব্যাংকের কার্ডে একটি কিনলে একটি খাবার ফ্রির পাশাপাশি দেশি দশ-এর শোরুমে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ১৫ শতাংশ ছাড়।

মুঠোফোন ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কেনাকাটায় আড়ংসহ ৫৯টি ব্র্যান্ডের ১ হাজার ১৩২টি আউটলেটে মিলছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া ডাচ্‌-বাংলার মুঠোফোন ব্যাংকিং সেবা রকেট-এর মাধ্যমে কেনাকাটায় বাটাসহ বিভিন্ন ব্র্যান্ডে মিলছে ছাড়।

ইসলামী ব্যাংক তাদের ভিসা, ডেবিট ও খিদমাহ কার্ড দিয়ে কেনাকাটায় ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলাও তাদের ভিসা ও মাস্টার কার্ড দিয়ে কেনাকাটাতে ছাড়ের সুযোগ দিয়েছে। আরও বিভিন্ন ব্যাংক ঈদের কেনাকাটায় কার্ড ব্যবহারে বিভিন্ন ছাড় দিয়েছে।

এদিকে ক্রেডিট কার্ডের সুদের হার বেঁধে দিলেও ব্যাংকগুলো তা মানতে শুরু করেনি। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে, ভোক্তা ঋণের যে সুদহার রয়েছে, তার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি হতে পারবে এসব কার্ডের সুদহার। বর্তমানে ব্যাংকগুলোতে ভোক্তা ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ, ফলে ক্রেডিট কার্ডে নতুন সুদহার হবে সর্বোচ্চ ১৬ শতাংশ। বর্তমানে দেশে ৯ লাখ ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন। দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার। গত জানুয়ারি মাসেই গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩৫ কোটি টাকার লেনদেন করেছেন। ডিসেম্বরে ক্রেডিট কার্ড গ্রাহকেরা ৭০৫ কোটি টাকার লেনদেন করেন। গত জানুয়ারিতে প্রায় ৮ লাখ ৭৭ হাজার ক্রেডিট কার্ড চালু ছিল। এর মধ্যে দি সিটি ব্যাংকের ২ লাখ ৮ হাজার, ইস্টার্ন ব্যাংকের ১ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১ লাখ ৫০ হাজার ও ব্র্যাক ব্যাংকের ১ লাখ ৩ হাজার।