মুঠোফোন কোম্পানির ওপর উচ্চ কর আরোপ করা উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত হওয়া দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের প্রক্রিয়া ও লাইসেন্স নবায়নে তরঙ্গের হার নির্ধারণের প্রক্রিয়া এবং এই খাত বিকাশে প্রতিবন্ধকতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন। তিনি ১৫ বছরে এ দেশে গ্রামীণফোনের অবদান ও ভবিষ্যৎ ভাবনার কথাও তুলে ধরেন। এশিয়ার বেশ কয়েকটি দেশেকাজের অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়েআলোকপাত করেন।সাক্ষাৎকারটি নিয়েছেন রাহীদ এজাজ ও অনিকা ফারজানাগত দেড় দশকে কর্মসংস্থান সৃষ্টিসহ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টেলিযোগাযোগ খাত। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ক্ষেত্রেও এই খাতের অবদান রয়েছে। বিকাশমান খাতটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখাটা জরুরি।গত বৃহস্পতিবার গ্রামীণফোনের কার্যালয়ে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই অভিমত দিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন। সম্প্রতি সরকার টুজির নবায়ন-প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এ নিয়ে জানতে চাইলে টোরে বলেন, ‘আমি খুশি, শেষ পর্যন্ত টুজি নীতিমালা চূড়ান্ত হয়েছে। যদিও নীতিমালায় এখনো অনেক অস্বচ্ছতা রয়েছে। কিছু বিষয়ে আপত্তি আছে মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর। তার পরও এটি প্রতিষ্ঠানগুলো মেনে নিয়েছে।’মেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করে টোরে বলেন, ‘আগামী ১০ নভেম্বর গ্রামীণফোনসহ চারটি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। আশা করছি, টুজি লাইসেন্স নবায়নের নীতিমালা চূড়ান্ত হয়ে যাওয়ায় সরকার ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এখন থ্রিজি (তৃতীয় প্রজন্ম) নিয়ে কাজ শুরু করতে পারবে, যা টেলিযোগাযোগ খাতকে আরও এগিয়ে নেবে।’ তবে লাইসেন্স নবায়নে তরঙ্গের (স্পেকট্রাম) দাম বেশি উল্লেখ করে টোরে বলেন, মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চ হারে কর কিংবা মাশুল আরোপ করা উচিত নয়। কারণ এতে ব্যবসা সম্প্রসারণ কঠিন হয়ে পড়ে। বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে, সাম্প্রতিক সময়ে যেসব দেশ টেলিযোগাযোগ খাতে উচ্চ কর বা মাশুল আরোপ করেছে অথবা যেসব মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান অতিরিক্ত হারে মাশুল দিয়ে লাইসেন্স নিয়েছে, তারা দেশব্যাপী নেটওয়ার্ক ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর বাংলাদেশে যেখানে মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহক অনুসারে রাজস্ব (রেভিনিউ পার ইউজার-আরপিইউ) কম, সেখানে প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি কর কিংবা মাশুল ধরা হলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের সেবা পেতে হবে চড়া দামে। বিশেষ করে সরকার যখন প্রত্যন্ত এলাকায় নিজেই তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে চাইছে, সেখানে টেলিযোগাযোগসেবা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে।থ্রিজি প্রসঙ্গে টোরে বলেন, বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) কর্তৃপক্ষের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, থ্রিজি নিলামের প্রস্তুতির জন্য বিদেশ থেকে পরামর্শক আনার কথা হচ্ছে। এ বিষয়ে বিটিআরসি একটি আন্তর্জাতিক দরপত্রও ডেকেছে। তিনি আশা করেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিটিআরসি কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে, স্বচ্ছতার সঙ্গে উন্মুক্ত নিলামের ব্যবস্থা করবে।‘স্বচ্ছতা আর সবার জন্য সমান সুযোগ’: থাইল্যান্ড, মালয়েশিয়া ও পাকিস্তানে কাজের অভিজ্ঞতা উল্লেখ করে গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তা মনে করেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আরও একটু আন্তরিক হলেই মূলত কোনো সমস্যা থাকে না। তিনি বলেন, ‘বিটিআরসিকে মনে রাখতে হবে, সব প্রতিষ্ঠানের জন্যই যেন সমান সুযোগ নিশ্চিত করা হয়। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে ব্যবসা পরিচালনা পদ্ধতির স্বচ্ছতা। তা ছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সরকারকে নীতিমালা প্রণয়নে অনেক বেশি সতর্ক ও স্বচ্ছ হতে হবে। বিশেষ করে, আইনের স্থিতিশীলতা, স্বচ্ছতা, স্পষ্টতা থাকতে হবে। বারবার আইনের পরিবর্তন হলে কোনো সুদূরপ্রসারী ব্যবসায়িক পরিকল্পনা করা যায় না। তাঁর মতে, অতীতের কোনো আইনে স্বচ্ছতা নিয়েপ্রশ্ন দেখা দিলে কিংবা আইনে কোনো সংস্কার আনতে হলে সরকার এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই এটা করতে পারে। কোনো রকম আলোচনা ছাড়া আইনের কোনো পরিবর্তন চাপিয়েদেওয়াটা সঠিক নয়।বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে খুবই সম্ভাবনাময় মনে করেন টোরে জনসন। তিনি বলেন, ১৫ বছর আগে গ্রামীণফোন যখন যাত্রা শুরু করে, এ দেশের সংস্কৃতি ও জনগণের চাহিদা বুঝতেই একটা বড় সময় চলে গেছে। গত ১৫ বছরে টেলিফোন ব্যবহারের হার ১ শতাংশেরও কম থেকে আজ প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। এ ক্ষেত্রে মুঠোফোনের ভূমিকা ৯৮ শতাংশের বেশি। আর ব্যবসার জন্য বাংলাদেশের মুঠোফোনের বাজার খুব বিকাশমান। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে থ্রিজির লাইসেন্স দেওয়া হবে। তাঁর এই বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করছে। এখন সরকার নিয়ম মেনে থ্রিজি প্রযুক্তিসেবার লাইসেন্স উন্মুক্ত করলেই দেশে টেলিযোগাযোগ খাতের বিকাশ হবে।প্রতিবন্ধকতা: বাংলাদেশের টেলিযোগাযোগ খাত সম্ভাবনাময় হলেও এটি বিকাশে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে বলে মনে করেন গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তা। টোরে জনসনের মতে, এই খাত বিকাশের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক পরিবেশ তৈরি করতে হবে। উচ্চ কর, বিশেষ করে ‘সিম ট্যাক্স’ টেলিযোগাযোগ খাত উন্নয়নের পথে বড় বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ‘রূপকল্প’ বাস্তবায়নের জন্যই ‘সিম ট্যাক্স’ প্রত্যাহার করা জরুরি। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলো সব সময় প্রতিটি সংযোগে ভর্তুকি দেবে না। তখন ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ। আর গ্রামীণ এলাকায় মুঠোফোন ব্যবহারের হার না বাড়লে অপূর্ণ থেকে যাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। শুধু ‘সিমের ওপর কর উঠিয়ে নিলেই আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে মুঠোফোন ব্যবহারের হার ৭০ শতাংশ বাড়বে।পাশাপাশি টেলিযোগাযোগ খাতের বিভিন্ন নীতিমালা অবশ্যই ব্যবসাবান্ধব হওয়া উচিত—এমনটাই মত টোরে জনসনের। টুজি লাইসেন্স নবায়ন নীতিমালার ‘প্রতিযোগিতামূলক বাজারের মানদণ্ড (এমসিএফ)’ শর্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের শর্ত যেকোনো বিকাশমান খাতের জন্যই সমস্যা তৈরি করে। গ্রামীণফোন সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাই বরাদ্দকৃত তরঙ্গের সর্বোচ্চ ব্যবহার করা সত্ত্বেও নবায়ন নীতিমালায় এ ধরনের শর্তকে শাস্তি মনে হয়। নীতিমালায় এ ধরনের অযৌক্তিক শর্ত একদিকে বিনিয়োগকারীর উৎসাহ নষ্ট করে দেয়। অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্যও তৈরি করে। এ ছাড়া বিকাশমান একটি শিল্পের জন্য এ ধরনের শর্ত অনিবার্যভাবেই একটি নেতিবাচক পদক্ষেপ।প্রসঙ্গত, গত ৩০ জুন পর্যন্ত যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর যত গ্রাহক ছিল, তার ওপর ভিত্তি করেই এমসিএফ নির্ধারণ করা হয়েছে। এই পদ্ধতিতে গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণফোনের তরঙ্গমূল্য, ভিত্তিমূল্যের চেয়ে ১ দশমিক ৪৮ গুণ বেশি হয়েছে। সে কারণে গ্রামীণফোন ১৪ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য দুই হাজার ১৯০ কোটি টাকা হলেও তাদের দিতে হবে তিন হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা।বিনিয়োগ জনস্বার্থে: গ্রাহকের কাছে তথ্যপ্রযুক্তির সর্বশেষ সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্য, জ্বালানি, পরিবেশ, শিক্ষা খাতেও বিনিয়োগ করেছে গ্রামীণফোন। টোরে জনসন বলেন, পরিবেশ সংরক্ষণে প্রতিষ্ঠান ২৬টি সোলার ও একটি বায়ুচালিত বেইজ স্টেশন স্থাপন করেছে। উন্নত স্থাপত্যশৈলীতে তৈরি এসব স্টেশন খুব কম কার্বন নিঃসরণ করে। প্রায় চার হাজার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প জ্বালানি উন্নয়নে সিলেটের হবিগঞ্জে তৈরি করা হয়েছে ‘কমিউনিটি পাওয়ার প্রোজেক্ট-সিপিপি’। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই এলাকার প্রায় ১৩৬টি পরিবার রাতে বিজলি বাতির সুবিধা পাচ্ছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে ‘এমফরএইচ’ নামে ইউএস এইড ও ডিনেটের সহযোগিতায় মুঠোফোনে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে গ্রামীণফোন। এ ছাড়া গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসচেতনতা ও স্বাস্থ্যশিক্ষায় রয়েছে বিশেষ সেবা।সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান: টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো দেশের সর্বোচ্চ আয়করদাতা প্রতিষ্ঠান বলে উল্লেখ করে টোরে বলেন, ২০১০-১১ অর্থবছরে শুধু আয়কর হিসেবে এক হাজার আট কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে। এ ছাড়া আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ও বিভিন্ন ধরনের কর মিলিয়ে ২০১০-১১ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত গ্রামীণফোন সরকারকে মোট দুই হাজার ৮৪৫ কোটি টাকা দিয়েছে। আর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জাতীয় কোষাগারে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত বাংলাদেশে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ ১৬ হাজার কোটি টাকারও বেশি।