মুঠোফোন গ্রাহক আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের সেপ্টেম্বরে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ছয় লাখ। এ সময় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১৮ লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মুঠোফোনের এ গ্রাহকসংখ্যা প্রকাশ করা হয় দেশে চালু থাকা মোট সিমের হিসাবে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১৪ লাখ। আর গত আগস্টে এ সংখ্যা ছিল ১৩ কোটি ৮ লাখ।
দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা আগস্টের তুলনায় সেপ্টেম্বরে পাঁচ লাখ বেড়ে ৫ কোটি ৫৫ লাখ হয়েছে। আগস্টে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ছিল সাড়ে পাঁচ কোটি। একই সময়ে দুই লাখ গ্রাহক কমেছে আরেক অপারেটর বাংলালিংকের। আগস্টে অপারেটরটির গ্রাহকসংখ্যা ছিল ৩ কোটি ২৮ লাখ, সেপ্টেম্বরে তা কমে ৩ কোটি ২৬ লাখ হয়েছে।
রবি আজিয়াটার গ্রাহক ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার থেকে বেড়ে ২ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার হয়েছে। একই সময়ে এয়ারটেলের গ্রাহক ৯৩ লাখ থেকে চার লাখ বেড়ে ৯৭ লাখ হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহক আগস্ট থেকে সেপ্টেম্বরে ৪০ লাখ ৭৯ হাজার থেকে বেড়ে ৪১ লাখ ৮ হাজার হয়েছে। সিটিসেলের গ্রাহক ১১ লাখ ৩৮ হাজার থেকে কমে ১১ লাখ ১৩ হাজার হয়েছে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১৮ লাখ বেড়ে ৫ কোটি ৪০ লাখ হয়েছে। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ৫ কোটি ৭ লাখ থেকে বেড়ে ৫ কোটি ১৯ লাখ হয়েছে। আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারী ১৩ লাখ থেকে ছয় লাখ বেড়ে ১৯ লাখ হয়েছে। অন্যদিকে ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক ১ লাখ ৬৮ হাজার থেকে ৩ হাজার কমে ১ লাখ ৬৫ হাজার হয়েছে।