মুঠোফোন ব্যবহারকারী কমেছে ১৮ লাখ
দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা গত জানুয়ারিতে ১৮ লাখ কমে গেছে। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ, আর এ বছরের জানুয়ারিতে তা কমে ১৩ কোটি ১৯ লাখ হয়েছে। তবে একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ বেড়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা চার লাখ কমে পাঁচ কোটি ৬২ লাখ হয়েছে, গত ডিসেম্বরে যা ছিল পাঁচ কোটি ৬৬ লাখ। একই সময়ে বাংলালিংকের গ্রাহকসংখ্যা তিন কোটি ২৮ লাখ থেকে পাঁচ লাখ কমে তিন কোটি ২৩ লাখ হয়েছে। গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা এ অপারেটরটির ডিসেম্বরেও এক লাখ গ্রাহক কমেছে।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ছয় লাখ গ্রাহক কমেছে রবি আজিয়াটার। গত ডিসেম্বরে রবির গ্রাহকসংখ্যা ছিল দুই কোটি ৮৩ লাখ, জানুয়ারিতে তা কমে দুই কোটি ৭৭ লাখ হয়েছে। রবির সঙ্গে একীভূত হওয়ার অপেক্ষায় থাকা এয়ারটেল বাংলাদেশের গ্রাহকসংখ্যাও জানুয়ারিতে দুই লাখ কমেছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত অপারেটরটির গ্রাহকসংখ্যা ছিল এক কোটি সাত লাখ, জানুয়ারিতে তা হয়েছে এক কোটি পাঁচ লাখ।
দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের গ্রাহকসংখ্যাও এ সময়ে ১০ লাখ সাত হাজার থেকে কমে আট লাখ ৬৭ হাজার হয়েছে। অব্যাহতভাবে গ্রাহক হারাতে থাকা সিটিসেলের বাজার হিস্যা এখন এক শতাংশের নিচে শূন্য দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে।
বেসরকারি সব অপারেটরের গ্রাহক কমলেও এই সময়ে সরকারি অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা ৪১ লাখ থেকে বেড়ে ৪২ লাখ হয়েছে।
গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ৪১ লাখ থেকে ২০ লাখ থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ কোটি ৬১ লাখ হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির পুরো প্রবৃদ্ধিই এসেছে মোবাইল ইন্টারনেট থেকে। ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল পাঁচ কোটি ১৪ লাখ, জানুয়ারিতে তা ২০ লাখ বেড়ে পাঁচ কোটি ৩৪ লাখ হয়েছে।