মুঠোফোন সেবায় বাড়তি শুল্ক আদায় শুরু হয়েছে
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মুঠোফোনভিত্তিক বিভিন্ন সেবার ওপর যে বাড়তি সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, সেটি আদায় করা শুরু করেছে অপারেটররা। বাজেট ঘোষণার দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকেই বাড়তি এ সম্পূরক শুল্ক আদায় করা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনও (এসআরও) জারি করা হয়েছে। এনবিআরের আইন অনুযায়ী, বাজেটে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূরক শুল্ক আদায়ের বিষয়টি কার্যকর হয়।
এর ফলে এখন মুঠোফোনে কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার, খুদে বার্তা (এসএমএস) ও এমএমএস পাঠানোসহ সেবা-সংক্রান্ত সব বিষয়ে গ্রাহককে বাড়তি অর্থ খরচ করতে হবে। এখন মুঠোফোনে ১০০ টাকার সেবা পেতে একজন গ্রাহককে গুনতে হবে ১২১ টাকা ৭৫ পয়সা।
আগামী অর্থবছরের বাজেটে মুঠোফোন সেবার সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বর্তমান মুঠোফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ২ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে। আজ শুক্রবার সকাল থেকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে নতুন শুল্ক কার্যকর হওয়ার বিষয়টি গ্রাহকদের জানানো শুরু হয়েছে।
গ্রাহককে পাঠানো অপারেটরের খুদে বার্তায় বলা হয়েছে, মুঠোফোন সেবার ওপর আগের আরোপিত ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ করা হয়েছে, যা আপনার ট্যারিফে প্রতিফলিত হয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, বাজেটে ঘোষণা আসার পরপরই গ্রাহকদের নতুন শুল্ক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে।