মুঠোফোনকেন্দ্রিক হচ্ছে ইন্টারনেট ব্যবহার
মুঠোফোনকেন্দ্রিক হয়ে পড়েছে দেশে ইন্টারনেট ব্যবহার। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুযায়ী, শতকরা ৯৬ শতাংশ বাংলাদেশি মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে। দেশের ইন্টারনেট ব্যবসাও তাই এখন মুঠোফোন অপারেটরদের দখলে।
বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৪০ লাখ। আর মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে চার কোটি ২৫ লাখ মানুষ, অর্থাৎ ৯৬ শতাংশের বেশি ব্যবহারকারী মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে।
২০১৩ সালে থ্রিজি প্রযুক্তি চালু হওয়ার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার বাড়াতে জোরেশোরে কাজ করছে অপারেটররা। দেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন আগামী ২০১৯ সালের মধ্যে তাদের ইন্টারনেট গ্রাহক ৫ কোটিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। অন্য অপারেটররাও ইন্টারনেট গ্রাহক বাড়াতে নিজেদের মতো কাজ করে যাচ্ছে। থ্রিজি প্রযুক্তি চালুর পর মুঠোফোন সেবাদাতা প্রতিটি প্রতিষ্ঠানেরই ইন্টারনেট গ্রাহক সংখ্যা গত এক বছরে দ্বিগুণের বেশি বেড়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে মুঠোফোন ইন্টারনেটের বাজার সব মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকা। থ্রিজি প্রযুক্তি চালুর আগে এ খাত থেকে অপারেটরদের আয় ছিল ৫০০ কোটি টাকারও কম। গত এক বছরে মুঠোফোন ইন্টারনেট থেকে আয় অপারেটর ভেদে শতকরা ৮০ থেকে ১০০ ভাগের বেশি বেড়েছে বলে স্বীকার করেছে অপারেটররা।
গ্রাহক সংখ্যার মতো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাতেও এগিয়ে আছে গ্রামীণফোন। এজ ও জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে ২০০৫ সালে দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর মডেমের মাধ্যমে ইন্টারনেটও ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় থ্রিজি প্রযুক্তিতে ইন্টারনেট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণফোনই প্রথম উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এ সেবা দেওয়া হলেও খুব শিগগিরই সিলেটসহ দেশের অন্য বড় শহরগুলোতে এ সেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
ইন্টারনেট ব্যবহার প্রসঙ্গে গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটিতে উন্নীত করার লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন সচেতনতা কার্যক্রম শুরু করেছে। ইন্টারনেট ব্যবহার বাড়াতে সবার আগে এর সঠিক ব্যবহারের দিকটি নিশ্চিত হওয়া দরকার। আইজেন, ইগনাইট, মাইক্রোসফট ইমাজিন কাপ, বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে অনলাইনে বই পড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ইন্টারনেট দেওয়া এবং ঢাকা ও ঢাকার বাইরে ইন্টারনেট মেলার মাধ্যমে সচেতনতা তৈরি করা হচ্ছে। এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো একটি সঠিক ইন্টারনেটভিত্তিক সমাজ তৈরি করা। পাশাপাশি ইন্টারনেট ব্যবহার উপযোগী দেশীয় অ্যাপ্লিকেশন তৈরি, দেশি-বিদেশি ব্র্যান্ডের মাধ্যমে খুব অল্প খরচে ইন্টারনেট ব্যবহার উপযোগী স্মার্টফোন গ্রাহককে পৌঁছানোর কাজ গ্রামীণফোন করছে বলে জানান তালাত কামাল।
মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার সহজ করতে রবি ‘মাইনেট’ নামের একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থায় একজন গ্রাহক নিজের সুবিধামতো সময়সীমা ও মূল্যের ইন্টারনেট প্যাকেজ বেছে নিতে পারবেন। সাধারণত এক বা দুই জিবি প্যাকের ইন্টারনেট ব্যবহারে সময়সীমা থাকে ৩০ দিন। তবে মাইনেট ব্যবহার করে গ্রাহক নিজেই ঠিক করে নিতে পারবেন তিনি কত দিনে ওই পরিমাণ ইন্টারনেট ব্যবহার করবেন। সর্বনিম্ন চার মেগাবাইট থেকে সর্বোচ্চ পাঁচ গিগাবাইট পরিমাণ ইন্টারনেট এক দিন থেকে শুরু
করে সর্বোচ্চ ৩০ দিনের মেয়াদের মধ্যে যে কোনোভাবে একজন গ্রাহক ব্যবহার করতে পারবেন। একই সময়ে একজন গ্রাহক টুজি ও থ্রিজি প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন রবি নেটওয়ার্কে।
মুঠোফোন ইন্টারনেট কার্যক্রম নিয়ে রবির প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘থ্রিজি প্রযুক্তি চালু করার পর থেকে আমাদের ইন্টারনেট গ্রাহক উল্লেখযোগ্য বেড়েছে। গ্রামাঞ্চলের ইন্টারনেট ব্যবহার বাড়াতে হলে মুঠোফোন ইন্টারনেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দেশে এখন মোট ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৬ শতাংশই মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে রবি টুজি ও থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটের জন্য একই দাম রাখছে। সরকার ইন্টানেট ব্যবহারে প্রয়োজনীয় তরঙ্গের দাম কমালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরও দ্রুত বাড়বে।’ তিন জানান, চলতি বছরে রবির থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ।
এদিকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে পিছিয়ে নেই আরেক অপারেটর বাংলালিংক। ইন্টারনেট ব্যবহার উপযোগী স্মার্টফোন, সঙ্গে বান্ডেল ইন্টারনেট ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে প্রতিষ্ঠানটি। সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার ৬০০ টাকায় বিভিন্ন পরিমাণের ইন্টারনেট প্যাক আছে বাংলালিংকের। সম্প্রতি এক জিবি ও ৫০০ মেগাবাইট ইন্টারনেটে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে অপারেটরটি।
বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর সঙ্গে আগের দামে বাড়তি ডাটা ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে এয়ারটেল। প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা শমিত মাহবুব শাহাবুদ্দিন জানান, বাজারে সবার চেয়ে কম দামে বেশি পরিমাণ ইন্টারনেট সেবা গ্রাহকদের দিচ্ছে এয়ারটেল। টুজি ও থ্রিজি মিলিয়ে ৩৩ লাখ গ্রাহক এয়ারটেলের ইন্টারনেট ব্যবহার করেন, যা প্রতিষ্ঠানটির মোট ৭৫ লাখ গ্রাহকের প্রায় অর্ধেক।
ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকও অনেক কাজ করছে। থ্রিজি ইন্টারনেট ব্যবহার উপযোগী মোডেমের দাম দুই হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৬০০ টাকায় নিয়ে এসেছে টেলিটক, সঙ্গে আছে বিনা মূল্যে পাঁচ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট ডাটা ব্যবহারের সুযোগ। ৪০ মেগাবাইট থেকে শুরু করে ২০ গিগাবাইট পর্যন্ত বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার ৫০০ টাকায় টেলিটক গ্রাহকেরা ব্যবহার করতে পারেন। থ্রিজি প্রযুক্তি চালুর পর গত দুই বছরে টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ। ২০১২ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল মাত্র ১৬ লাখ, অর্থাৎ দুই বছরে নতুন করে ২১ লাখ গ্রাহক যুক্ত হয়েছে টেলিটকের সঙ্গে। এ গ্রাহকের একটি বড় অংশই ইন্টারনেট ব্যবহারকারী।
ইন্টারনেটের গতি বাড়াতেও গুরুত্ব দিচ্ছে অপারেটররা। উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পাশাপাশি বর্তমানে চালু সব প্যাকেজের ইন্টারনেটের গতি আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়েছে গ্রামীণফোন। বাংলালিংক, রবি, এয়ারটেলও ইন্টারনেটের গতি বাড়াতে নেটওয়ার্ক উন্নয়নে জোর দিচ্ছে।
ইন্টারনেট ব্যবহার নিয়ে গ্রাহকদের অভিজ্ঞতাও বিচিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করা সৈয়দ ফয়ছল ইসলাম মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন তিন বছর ধরে। তিনি বলেন, ‘মুঠোফোন ইন্টারনেট দিয়ে ফেসবুক, সংবাদপত্র, চাকরি খোঁজার ওয়েবসাইটগুলো বেশি দেখি। ল্যাপটপ বা কম্পিউটারে সব সময় ইন্টারনেট ব্যবহার করা যায় না। কিন্তু মুঠোফোনে তা সব সময় করা যায়। মুঠোফোনে ইন্টারনেট সুবিধা নিঃসন্দেহে ভালো।’
৪.৪০
কোটি মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে
১,০০০
কোটি টাকার বাজার গড়ে উঠেছে মুঠোফোন ইন্টারনেটের
৪.২৫
কোটি মানুষ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে
মুঠোফোন ইন্টারনেট ব্যবসার ওপর জোর দিচ্ছে অপারেটররা
গ্রাহকসংখ্যা বাড়ায় খরচ কমে আসছে
গ্রাহক ৫ কোটিতে নেওয়ার পরিকল্পনা গ্রামীণফোনের
মুঠোফোন অপারেটররা কয়েকটি করে ইন্টারনেট প্যাকেজ চালু করেছে
ছোট আকারের ছোট ইন্টারনেট প্যাকেজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে
‘গ্রামাঞ্চলের ইন্টারনেট ব্যবহার বাড়াতে হলে মুঠোফোন ইন্টারনেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ
মাহতাব উদ্দিন আহমেদ
প্রধান পরিচালন কর্মকর্তা রবি
‘ইন্টারনেট কার্যক্রমের মূল লক্ষ্য হলো একটি সঠিক ইন্টারনেটভিত্তিক সমাজ তৈরি করা
সৈয়দ তালাত কামাল
বহিঃযোগাযোগ বিভাগের প্রধান গ্রামীণফোন